Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উপভোগ্য ক্রিকেট খেলাই লক্ষ্য রিজওয়ানদের

উপভোগ্য ক্রিকেট খেলাই লক্ষ্য রিজওয়ানদের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
করাচি: মিনি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু। বুধবার করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখতে মরিয়া বাবর আজমরা। পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ানের মন্তব্য, ‘অহেতুক চাপ না দিয়ে উপভোগ্য ক্রিকেট খেলাই লক্ষ্য। বহুদিন পর দেশের মাটিতে বড় টুর্নামেন্ট হচ্ছে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতেই হবে।’ উল্লেখ্য, সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই নিউজিল্যান্ডের কাছেই হার মানে পাকিস্তান। ফলে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ বাবরদের সামনে।
Advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন পাক প্রশাসনের কাছেও অ্যাসিড টেস্ট। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে জঙ্গি হামলার পর প্রায় একঘরে হয় পাকিস্তান। মুখ ঘুরিয়ে নিয়েছিল ক্রিকেট খেলিয়ে বিভিন্ন দেশ। ২০১৫ সালে ‘বাবা বাছা’ করে জিম্বাবোয়েকে আমন্ত্রণ করে নিয়ে যায় পাক বোর্ড। এবারের মিনি বিশ্বকাপ নিয়েও প্রচুর বিতর্ক। ওয়াঘার ওপারে গিয়ে ম্যাচ খেলতে রাজি হয়নি মেন ইন ব্লু। চাপে পড়ে ভারত-পাক মহারণ দুবাইতে সরিয়ে নেয় আইসিসি। ঘরের মাঠে মেগা টুর্নামেন্টের সফল আয়োজন তাই পাক প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। স্টেডিয়াম থেকে টিম হোটেল-নিরাপত্তার চাদরে কার্যত দুর্গ।  নিরাপত্তার বলয় এড়িয়ে মাছি গলার জো নেই। এরইমধ্যে বুধবার জমকালো উদ্বোধনের অপেক্ষায় ন্যাশনাল স্টেডিয়াম। ম্যাচের আগে পারফর্ম করবে পাকিস্তান এয়ারফোর্স। 
Advertisement
সম্পর্কিত সংবাদ