নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রামনবমীর শোভাযাত্রার দিনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা সহ গোটা রাজ্যে নজিরবিহীন নিরাপত্তার আয়োজন করছে পুলিস প্রশাসন। হাওড়া সিটি, বারাকপুর, চন্দননগর, আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি কমিশনারেট, হাওড়া গ্রামীণ, মুর্শিদাবাদ, মালদহ, ইসলামপুরের মতো স্পর্শকাতর এলাকায় সংশ্লিষ্ট জেলার সিপি ও এসপি’র পাশাপাশি বাড়তি আইজি, ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি পদমর্যাদার আইপিএস অফিসারদের মোতায়েন করা হবে। সবচেয়ে বেশি আইপিএস পদমর্যাদার অফিসার মোতায়েন করা হচ্ছে হাওড়ায়। যা থেকে একটি বিষয় পরিষ্কার, নির্বিঘ্নে রামনবমী পার করতে চায় রাজ্য।
রামনবমীতে কলকাতা শহরে লালবাজার এবার অভিনব ব্যবস্থা নিতে চলেছে। লালবাজার সূত্রের খবর, ওইদিন সকাল ৬টা থেকে স্পর্শকাতর এলাকায় পথে নামবে পুলিস। পাশাপাশি রামনবমীতে যে সমস্ত পুলিস কর্মী ও অফিসারের ডিউটি থাকছেন না, তাঁদের সকাল ৬টা থেকে নিজের নিজের ইউনিটে সুরক্ষা সরঞ্জাম সহ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিস কমিশনার মনোজ ভার্মার নির্দেশে অতিরিক্ত পুলিস কমিশনার-১ ডি পি সিং এই নির্দেশিকা জারি করেছেন। সাধারণত কলকাতা শহরে বাংলা বন্ধের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এদিকে, লালবাজার আগেই জানিয়েছে, কলকাতা হাইকোর্টের গাইডলাইন মেনে রামনবমীর মিছিল করা হলেও তাতে অস্ত্র প্রদর্শন করা যাবে না। তেমনই বাইক মিছিল, মিছিলে শিশুদের হাতে অস্ত্র দেওয়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে পুলিস গ্রেপ্তার করার পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে।