Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইউনিটি কাপে প্রতিপক্ষ জিম্বাবোয়ে, তৃতীয় স্থানে নজর খালিদ ব্রিগেডের

শনিবার ইউনিটি কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে খালিদ ব্রিগেডের সামনে জিম্বাবোয়ে। জিতলে মরশুম শেষে স্বস্তি পাবেন খালিদ জামিল।

ইউনিটি কাপে প্রতিপক্ষ জিম্বাবোয়ে, তৃতীয় স্থানে নজর খালিদ ব্রিগেডের
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ব্লু টাইগার্স বনাম দ্য ওয়ারিয়র্স। শনিবার ইউনিটি কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে খালিদ ব্রিগেডের সামনে জিম্বাবোয়ে। জিতলে মরশুম শেষে স্বস্তি পাবেন খালিদ জামিল। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের (১৩৬) চেয়ে মাত্র ছ’ধাপ এগিয়ে জিম্বাবোয়ে (১৩০)। তবে টাফ ফুটবল খেলতে অভ্যস্ত তারা। ম্যাচের আগে এটাই ভাবাচ্ছে সন্দেশ ঝিংগান, ছাংতেদের। কোচ খালিদ জামিলের মন্তব্য, ‘ম্যাচের গুরুত্ব সম্পর্কে সবাই ওয়াকিবহাল। ফুটবলাররা নিশ্চয়ই নিজেদের উজাড় করে দেবে।’

Advertisement

ইউনিটি কাপে  প্রথম ম্যাচে শক্তিশালী জামাইকার বিরুদ্ধে ০-২ গোলে পরাস্ত হয় ভারত। একই ব্যবধানে নাইজেরিয়া বশ মানায় জিম্বাবোয়েকে। বিশেষজ্ঞদের মতে, বিপক্ষকে চাপে ফেলতে গেলে দ্রুত লক্ষ্যভেদ জরুরি। আর খালিদের দলে গোল করার লোকের বড়ই অভাব। সবেধন নীলমণি রায়ান উইলিয়ামস চোটের জন্য বাইরে। সূত্রের খবর, সেক্ষেত্রে মাঝমাঠ জমাট করে সিঙ্গল স্ট্রাইকারের ফর্মেশনেই দল সাজাবেন খালিদ। জাল কাঁপানোর ক্ষেত্রে ডেড বল মুভমেন্টে ভরসা রাখছেন ভারতীয় কোচ। কর্নার বা ফি-কিকের সময় বিপক্ষ বক্সে উঠে আসবেন রাহুল ভেকে ও সন্দেশ ঝিংগান। জামাইকার বিরুদ্ধে ডিফেন্সিভ ব্লকার জিকসন নজর টেনেছেন। শনিবারও তাঁকে প্রথম দলে দেখার সম্ভাবনা। দ্রুতগতির ছাংতের উপরেও অনেক কিছু নির্ভর করবে। তবে কোচ খালিদ বরাবরই টিম গেমে বিশ্বাসী। কাছা খোলা আক্রমণ তাঁর নীতি নয়। রক্ষণ ও মাঝমাঠ জমাট করে ঝটিকা কাউন্টার অ্যাটাকেই জিম্বাবোয়ে বধ করতে চায় ভারত। অন্যদিকে, খেতাবি লড়াইয়ে নাইজেরিয়ার মুখোমুখি জামাইকা।
 ম্যাচ শুরু সন্ধ্যায় ৭-০০ টায়। সম্প্রচার ফ্যানকোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ