নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জায়গাটা ভালো নয়। সোনার আংটি খুলে লুকিয়ে নিন। ভরদুপুরে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে থেমে যান এক ব্যক্তি। পিছন ফেরে দেখেন, বাইকে এসেছে দু’জন। তারা নিজেদের ‘পুলিস’ বলে পরিচয় দেয়। সেই পরামর্শ পেয়ে হাতের তিনটি সোনার আংটি দ্রুত খুলে ফেলেন ওই পথচারী। ‘পুলিসদেরই’ হাতে দিয়েছিলেন। কিন্তু, তারা আংটি নিয়ে চম্পট দিতেই মালুম হয় যে তারা আসল নয়, একেবারে ভুয়ো পুলিস! বাগুইআটি থানা এলাকায় এমনই অভিনব কায়দায় কেপমারির শিকার হয়েছেন নাগেরবাজার থানা এলাকার এক ব্যক্তি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানা। দুষ্কৃতীদের খোঁজ চলছে।
পুলিস সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২টো নাগাদ। তেঘরিয়া এলাকায় একটি ক্লাবের সামনে দিয়ে ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। তিনি পুলিসকে জানান, হঠাৎ করেই বাইকে ওই দু’জন আসে। তারা নিজেদের ‘পুলিস’ পরিচয় দিয়ে বলে, ‘এই জায়গাটা খুব খতরনক। আপনি এত সোনার আংটি পরে যাচ্ছেন কেন? আংটিগুলো খুলে সাবধানে নিয়ে যান। না-হলে যেকোনও মুহূর্তে কিছু ঘটে যেতে পারে। কারণ, গতকাল এখানেই ডাকাতি হয়েছে।’ এরপরই ওই ব্যক্তি তাঁর হাতের তিনটি সোনার আংটি খুলে ফেলেন। তার মধ্যে একটি সোনায় বাঁধানো হিরের, একটি চুনির এবং একটি আমেরিকান ডায়মন্ডের ছিল। তিনি ওই তিনটি আংটি একটি কাগজে মুড়ে দেন। তারপর কথা বলতে বলতে তিনি অন্যমনস্ক হয়ে পড়েন। যাতে ডাকাতি না-হয় তার জন্য তিনি ওই ‘পুলিসদের’ হাতে তুলে দেন।
কিছুক্ষণের মধ্যেই ওই ‘পুলিসরা’ নিপাত্তা হয়ে যায়। তখন ওই ব্যক্তি বুঝতে পারেন লোক দুটি আদৌ পুলিস নয়, তিনি দুষ্কৃতীদেরই খপ্পরে পড়েছেন। দমদম রোড শূরের মাঠের ওই বাসিন্দা তারপর বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তও শুরু করেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই লেকটাউন থানা এলাকায় পুলিস পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে কেজি রুপো ছিনতাই করে তিন দুষ্কৃতী। ওই ব্যক্তি বড়বাজার থেকে রুপো কিনে বাসে চেপে ফিরছিলেন। ওই দুষ্কৃতীরা সেই বাসেই উঠেছিল পুলিস সেজে। ‘বেআইনি’ রুপো বলে লেকটাউন ঘড়ির মোড়ের কাছে তা ‘বাজেয়াপ্ত’ করে তারা নেমে পড়ে। পরে অবশ্য ওই তিন দুষ্কৃতীকেই গ্রেপ্তার করা হয়।