সংবাদদাতা, দুর্গাপুর: ভূগর্ভস্থ কয়লায় আগুনের পাশাপাশি গ্যাসের সন্ধান মেলায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে অণ্ডালের খান্দরা কোলিয়ারির নাগ কাজোড়া (এনকেজি) ইউনিট। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) বাকলা এরিয়ার খনিতে আপাতত উৎপাদন স্থগিত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে, এখানে কর্মরত ৩০০ জন কর্মীর ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। শনিবার রাতে ভূগর্ভে বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত মিলতেই খনিগর্ভে থাকা শ্রমিকদের দ্রুত উপরে নিয়ে আসা হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত খনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার পরিস্থিতি পর্যালোচনা এবং ইউনিটটির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়। ওই কোলিয়ারির এজেন্ট এম সিং জানান, কর্মীদের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। ভূগর্ভস্থ কয়লার আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি প্রযুক্তিগতভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
যদিও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিটু নেতা আহমেদ খান। তাঁর অভিযোগ, ব্যবস্থাপনার গাফিলতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন উৎপাদন বন্ধ করতে হচ্ছে, কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শ্রমিকদের ভবিষ্যৎ কী, এই প্রশ্নগুলির সুস্পষ্ট জবাব দিতে হবে। আর কোনো কর্মীকেই অন্যত্র বদলি করা যাবে না। দাবি পূরণ না হলে অন্যান্য শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।