Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পিবিইউ’র অকৃতকার্য ছাত্রছাত্রীদের ষষ্ঠ সেমেস্টারে বসা নিয়ে অনিশ্চয়তা

পিবিইউ’র অকৃতকার্য ছাত্রছাত্রীদের ষষ্ঠ সেমেস্টারে বসা নিয়ে অনিশ্চয়তা
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের শতাধিক ছাত্রছাত্রী প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমেস্টারে অকৃতকার্য হয়েছেন। পাশ করানোর দাবিতে দিন কয়েক আগে অবস্থান-বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তাঁরা আবেদন করেছিলেন। এরপর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দেওয়া হয় ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষায় বসতে গেলে, আগের সেমেস্টারগুলিতে পাশ করতেই হবে। এটা না হলে তা বেআইনি। এই পরিস্থিতিতে একমাত্র পথ রয়েছে উপাচার্য যদি এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে উপাচার্য নেই। তাই সেই পথও আপাতত বন্ধ। তবে দিন কয়েকের মধ্যেই রিভিউয়ের ফল বের হবে। তাতে যাঁরা পাশ করে যাবেন, তাঁদের আর কোনও সমস্যা থাকবে না। তাঁরা ষষ্ঠ সেমেস্টারের জন্য ফর্ম পূরণ করতে পারবেন।

Advertisement

বিষয়টি নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান, চার কলেজের অধ্যক্ষদের নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল। তবে কোনওভাবে যাতে ওই পড়ুয়াদের ডিগ্রি পরবর্তী সময়ে চ্যালেঞ্জের মুখে না পড়ে সেদিকেও নজর রাখছে কর্তৃপক্ষ। 
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি বলেন, নিয়মে বলা আছে ষষ্ঠ সেমেস্টারের ফর্ম পূরণ করা যাবে যখন পড়ুয়াদের আগের সব সেমেস্টার ক্লিয়ার থাকবে। তাই ওদের ফর্ম পূরণ করা সম্ভব নয়। আমরা আইনের ঊর্ধ্বে নই। যদি এর ব্যতিক্রম কিছু করতে হয় তাহলে সেটা একমাত্র উপাচার্যই করতে পারেন। কিন্তু আমাদের উপাচার্য নেই। তিনি আরও বলেন, এই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। উপাচার্য যখন আসবেন তখন আমরা তাদের বিষয়টি নিয়ে তাঁর কাছে অনুরোধ রাখব বিকল্প ব্যবস্থার জন্য। রিভিউয়ের ফল এখনও আসেনি। যাঁরা পাশ করবে তারা ফর্ম পূরণ করতে পারবে। এখনই তাদের হতাশ হওয়ার কিছু নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ