সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে গত সোমবার এক মহিলা ডাক্তারকে নিগ্রহ করা হয়েছিল। সেই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দেয়। তার পরিপ্রেক্ষিতে মেডিকেল কলেজটিতে পর্যাপ্ত নিরাপত্তা, ডিউটির সময়ে নিরাপত্তারক্ষীদের নির্দিষ্ট পোশাক সহ ১১ দফা দাবিতে শুক্রবার পাঁচ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেন উলুবেড়িয়া মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা।
এরপরেই মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। হাসপাতালে পুলিশের সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি নির্দিষ্ট পোশাক পরে এবং পরিচয়পত্র নিয়ে নিরাপত্তারক্ষীরা ডিউটি শুরু করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি রোগীর আত্মীয়রা। অন্যদিকে, এই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে হাসপাতালে বিক্ষোভ দেখান বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের হাওড়া জেলা কমিটির সদস্যরা। নিজস্ব চিত্র