Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় আগুনে ছাই তিনটি দোকান, কয়েক লক্ষ টাকার ক্ষতি

উলুবেড়িয়ায় আগুনে ছাই তিনটি দোকান, কয়েক লক্ষ টাকার ক্ষতি
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতার পর এবার উলুবেড়িয়া। আগুনে ছাই হয়ে গেল দু’টি মুদিখানা এবং একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার ভোররাতে, উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুরে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা।
Advertisement
এদিন ভোররাতে গঙ্গারামপুরে একটি মুদিখানার দোকানে প্রথম আগুন লাগে। দোকানটিতে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে চোখের নিমেষে আগুন গোটা দোকানটিকে গ্রাস করে নেয়। এরপর ওই মুদিখানা লাগোয়া আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে উলুবেড়িয়া থেকে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক কমল দত্ত জানান, দোকানে আগুন লাগার পর ওই এলাকার এক ব্যবসায়ী আমাদের সেই বিষয়টি জানান। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছই। যদিও ততক্ষণে দোকান ছাই হয়ে গিয়েছে। দোকানে প্রচুর ভোজ্য তেল মজুত ছিল। তার পুরোটাই পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, ওই ব্যবসায়ী কেরোসিন তেলের ডিলার ছিলেন। কী কারণে আগুন, দমকল খতিয়ে দেখছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ