Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

উদ্যম রেজিস্ট্রেশন ক্যাম্প চালু পূর্ব মেদিনীপুরে, টার্গেট ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের স্বনির্ভরতা

পূর্ব মেদিনীপুরে উদ্যম রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়েছে। ৫০ হাজার রেজিস্ট্রেশনের টার্গেট, সরকারি সুবিধা ও ব্যাংক ঋণের সুযোগ। বিস্তারিত পড়ুন।

উদ্যম রেজিস্ট্রেশন ক্যাম্প চালু পূর্ব মেদিনীপুরে, টার্গেট ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের স্বনির্ভরতা
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগে প্রাথমিক শর্ত হল, উদ্যম রেজিস্ট্রেশন। সরকারি সুবিধা, ব্যাংকের ভর্তুকি ও ঋণের সুবিধার জন্য এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। পূর্ব মেদিনীপুর জেলায় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগের মাধ্যমে স্বনির্ভরতা বাড়াতে চলতি আর্থিক বছরে ৫০ হাজার উদ্যম রেজিস্ট্রেশনের টার্গেট দিয়েছে রাজ্য সরকার। সেইমতো ক্যাম্প শুরু করে এই রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। জেলা শিল্প কেন্দ্র অফিস ছাড়াও প্রত্যেক ব্লকে উদ্যম রেজিস্ট্রেশনের স্পেশাল ড্রাইভ চলছে। ২০২৭ সালে মার্চ মাসের মধ্যে রেজিস্ট্রেশন সংখ্যা ৫০ হাজার করতে হবে। সেই লক্ষ্যে এখন থেকেই ক্যাম্প শুরু হয়েছে।

Advertisement

পূর্ব মেদিনীপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার বলেন, সুব্রত দাস বলেন, সারাবছর ধরেই উদ্যম রেজিস্ট্রেশনের কাজ চলতে থাকে। তবুও এই মুহূর্তে জেলাজুড়ে উদ্যম রেজিস্ট্রেশনের উপর স্পেশাল ড্রাইভ শুরু হয়েছে। জেলা থেকে মহকুমা এবং প্রত্যেক ব্লকে এই কাজ চলছে। সম্পূর্ণ বিনামূল্যে এই রেজিস্ট্রেশন করানো হচ্ছে। আমাদের অফিসেও চলছে।
উদ্যম রেজিস্ট্রেশন কী? ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে যেকোনও প্রজেক্ট করতে গেলে সবার আগে উদ্যম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এটা করা থাকলে সরকারি ভর্তুকি, সুবিধা ও সহায়তা নিয়ে নানারকম প্রজেক্ট শুরু করা যায়। স্বনির্ভর হওয়ার পথে সহজে ব্যাংক ঋণ পাওয়া যায়। সুদের উপর ছাড় এবং ভর্তুকির সুবিধা মেলে। স্কিল ডেভেলপমেন্ট থেকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উন্নতির জন্য সুবিধা গ্রহণ করা যায়।
আবেদনকারীকে অবশ্যই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অধীনে উৎপাদন কিংবা পরিষেবা প্রদানের কাজে যুক্ত থাকতে হবে। হবু উদ্যোগী কিংবা ইতিমধ্যে যেকোনও প্রজেক্টের সঙ্গে যুক্তরা এই রেজিস্ট্রেশন করাতে পারবেন। আসলে এরাজ্যে পিএম বিশ্বকর্মা যোজনা চালু করেছে নতুন সরকার। আর সেটা চালু হওয়ার পর অনেকেই ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগে আগ্রহী। তিন বছর আগে কেন্দ্রীয় সরকার পিএম বিশ্বকর্মা যোজনা চালু করেছিল। পূর্ব মেদিনীপুরে মোট ৮৫হাজার আবেদন জমা পড়েছিল। কিন্তু, পূর্বতন সরকার পিএম বিশ্বকর্মা যোজনাকে এই রাজ্যে চালু না করায় সেইসব আবেদন পড়েছিল।  রাজ্যে পালাবদলের পর নতুন সরকার এরাজ্যে পিএম বিশ্বকর্মা স্কিমের উপর জোর দিয়েছে। তিন বছর ধরে জমা থাকা আবেদন খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরে পাঁচটি পুরসভায় ৫১টি এরকম আবেদন সুপারিশ করা হয়েছে রাজ্যে। গ্রামীণ এলাকাতেও শীঘ্রই আবেদন ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হবে। তার আগে স্পেশাল ড্রাইভের মধ্য দিয়ে উদ্যম রেজিস্ট্রেশনের কাজে জোর দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ