সংবাদদাতা, উলুবেড়িয়া: জমিতে চাষ করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে তার নীচেই চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিনয় রং (৩২)। বাড়ি উদয়নারায়ণপুর থানার গড়ভবানীপুর– সোনাতলা গ্রাম পঞ্চায়তের আন্দিচক গ্রামে। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির আবহাওয়া থাকায় শনিবার নিজের ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে গিয়েছিলেন বিনয়। ট্রাক্টরটি চালাচ্ছিলেন প্রতিবেশী সুভাষ রং। চাষের শেষে রাত ১০টা নাগাদ ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে ঢাল বেয়ে নদীবাঁধের রাস্তায় ওঠার সময় আচমকা ট্রাক্টরটি উল্টে যায়। সুভাষ ও বিনয়, দু’জনেই ট্রাক্টরের নীচে চাপা পড়েন। এরপর সুভাষ রং কোনওক্রমে মোবাইল থেকে ফোন করে এলাকাবাসীদের খবর দেন। স্থানীয় বাসিন্দারা এসে আহত দু’জনকে উদ্ধার করে জয়পুরের বিভূতি ধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিনয়কে মৃত বলে ঘোষণা করেন। সুভাষ রংকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।



