সংবাদদাতা, উলুবেড়িয়া: বোরো চাষের জন্য ডিভিসির ছাড়া জলে উদয়নারায়ণপুরের আরও কয়েকশো বিঘা আলু ও ধানের জমি জলের তলায় চলে গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, রবিবার উদয়নারায়ণপুরের সুবলচক, উত্তর মানশ্রী, আমবাগানের প্রায় ৮০০ বিঘা আলু ও ধান খেত জলের তলায় চলে গিয়েছিল। সোমবার এইসব এলাকার আরও হাজার বিঘা জমি প্লাবিত হয়েছে।
Advertisement
রবিবার জেলা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চাষিদের কাছে ন্যায্যমূল্যে কেনার কথা বলা হয়েছিল। সেইমতো সোমবার প্রায় ৫০০ বস্তা আলু কেনা হয়েছে। অন্যদিকে, হুগলির বলাইচকের আশ্রমগোড়ার কাছে চিংড়াখালের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজও শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বোরো চাষের জন্য ডিভিসির ছাড়া জল বলাইচকের চিংড়া খালের ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকে হুগলির পাশাপাশি উদয়নারায়ণপুরে জমির আলু ও ধান নষ্ট করে। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন জানান, পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত চাষিদের কাছ থেকে আপাতত ন্যায্যমূল্যে ৫০০ বস্তা আলু কেনা হয়েছে। বিধায়ক সমীর পাঁজা জানান, সেচদপ্তর যদি সঠিক সময় বাঁধ মেরামত করত তাহলে চাষিরা ক্ষতির সম্মুখীন হতেন না। তাঁর আরও দাবি, জল ছাড়ার কথা ডিভিসি আগে ঘোষণা করলে চাষিরা খেত থেকে আলু তুলে নিতে পারত।



