Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পিএইচই অফিসারকে ধমক উদয়নের, এক ঘণ্টায় স্বাভাবিক জল সরবরাহ

পিএইচই অফিসারকে ধমক উদয়নের, এক ঘণ্টায় স্বাভাবিক জল সরবরাহ
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট: পরিস্রুত পানীয় জলের কল থাকলেও তাতে আসে না জল। বেশ কিছুদিন ধরেই পানীয় জল সরবরাহ বন্ধ। পিএইচই’কে জানিয়েও কাজ হচ্ছে না। এদিকে, প্রচণ্ড গরমে পানীয় জলের তীব্র সঙ্কট তৈরি হচ্ছে। প্রতিবাদে বৃহস্পতিবার এলাকার মহিলারা জোটবদ্ধ হয়ে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন। সকাল ১০টা নাগাদ দিনহাটা-চৌধুরীহাট রাজ্য সড়কের আমবাড়ি এলাকায় পানীয় জলের দাবিতে অবরোধ শুরু হয়। সেই সময় ওই পথ ধরেই দিনহাটা-২ ব্লকে কর্মসূচিতে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীকে সামনে পেয়ে এলাকায় পানীয় জলের সমস্যার কথা জানায় অবরোধে শামিল লোকজন। এরপরেই মন্ত্রী পিএইচই’র আধিকারিককে ফোন করে ধমক দিয়ে এক ঘণ্টার মধ্যে এলাকার পানীয় জল সমস্যা মেটানোর নির্দেশ দেন। আন্দোলনকারী এলাকাবাসীকে পানীয় জলের সমস্যা মিটে যাবে বলে জানিয়ে দিলে অবরোধ উঠে যায়। এরপরেই নিজের কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী। এদিকে, মন্ত্রীর কড়া ধমকের পর ঘটনাস্থলে চলে আসেন পিএইচই’র আধিকারিক ও কর্মীরা। এক ঘণ্টার মধ্যেই এলাকার পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। 

Advertisement

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভিলেজ-টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমবাড়ি ও আশপাশের বিশাল এলাকার পানীয় জল সরবরাহ বেশ কিছুদিন ধরেই বন্ধ। ফলে সাধারণ মানুষকে টিউবওয়েলের জল পান করতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে বারবার জানিয়েও সমস্যার সুরাহ হয়নি। বাড়ি বাড়ি যে জল সরবরাহের লাইন দেওয়া হয়েছে সেগুলিতেও জল সরবরাহ বন্ধ রয়েছে। 
স্থানীয় বাসিন্দা বাসন্তী বর্মন, সবিতা সরকার বলেন, বেশ কিছুদিন ধরেই পানীয় জল সরবরাহ বন্ধ। পিএইচই’কে জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করি। মন্ত্রী ওই সময় না এলে হয়তো এদিন আর জল পেতাম না। কবে দুর্ভোগ কমত জানি না। মন্ত্রী পিএইচই’র আধিকারিকদের ফোন করেন। সমস্যা মেটানোর কথা জানালে আমরা রাস্তা থেকে সরে যাই। পরে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হওয়ায় আমরা খুশি। 
কোচবিহার জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত ধর বলেন, ওই এলাকায় পাম্পের একটি ভাল্ব খারাপ ছিল। তাই সমস্যা হচ্ছিল। সেটি সরিয়ে দিয়ে জল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, আমি বামনহাটে একটি কর্মসূচিতে যাচ্ছিলাম। সেসময় দেখি রাস্তায় অবরোধ চলছে। কিসের জন্য অবরোধ জানতে চাইলে তাঁরা পানীয় জল সরবরাহ নিয়ে সমস্যার কথা জানান। এরপর পিএইচই’র আধিকারিককে ফোন করে দ্রুত সমস্যা মেটানোর কথা বলি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ