নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে কোচবিহার শহরের ১১টি ওয়ার্ডের রাস্তা ও নিকাশির কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। আজ, শুক্রবার সেই কাজের শিলান্যাস করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অথচ, শহরের বুকে এতোগুলি রাস্তা ও নিকাশির কাজ শুরু হবে সেকথা জানেন না কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর দাবি, এই বিষয়ে কেউ কিছু জানাননি। আবার এসব কাজের জন্য পুরসভা থেকে কোনও অনুমোদনও নেওয়া হয়নি। ফলে পুরো বিষয়টি নিয়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সামনে এসেছে দুই হেভিওয়েট নেতার ঠাণ্ডা লড়াই। একটি দপ্তর ও পুরসভার মধ্যে এই সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ। উদয়নবাবু বর্তমানে ওই দপ্তরের মন্ত্রী। কিন্তু জেলা রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে গোষ্ঠী কোন্দল ধিকিধিকি করে জ্বলছে, তার দুই শিবিরে এই দুই বর্ষীয়ান নেতা রয়েছেন বলেই মনে করে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে কোচবিহার শহরের রাস্তা, নিকাশি নালা নির্মাণের ক্ষেত্রেও যেন সেই গোষ্ঠী কোন্দলের ছাপ।
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার কোচবিহার পুরসভার ৫, ৬, ৯, ১০, ১২ ও ১৭ নম্বর ওয়ার্ডে সিমেন্টের রাস্তা ও নিকাশি নালার কাজের শিলান্যাস করবেন উদয়ন। ওই দিনই পুরসভার ২, ৩, ৪, ১১ ও ১৬ নম্বর ওয়ার্ডে কংক্রিটের রাস্তা ও নিকাশি নালা কাজের শিলান্যাস। সন্ধ্যা ছ’টায় এই অনুষ্ঠান হবে।
উদয়ন গুহ বলেন, প্রায় সাড়ে পাঁচ কোটি টাকায় রাস্তা ও নিকাশি নালা নির্মাণ হবে।
এবিষয়ে রবীন্দ্রনাথের মন্তব্য, এবিষয়ে আমার কিছু জানা নেই। পুর এলাকায় কোনও কাজ করতে হলে পুরসভার সঙ্গে প্রস্তাব নিতে হয়। অনুমোদনও নেওয়ার বিষয় থাকে। এসব কিছুই করা হয়নি।