সংবাদদাতা, দিনহাটা: শিশুমঙ্গল সমিতির দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে পাঁচ দিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত। সোমবার তাকে আদালতে তোলা হলেও মেডিকেল রিপোর্ট না আসায় শুনানি পিছিয়ে যায়। মঙ্গলবার ফের আদালতে তোলা হয়। সরকার পক্ষের আইনজীবী ওই দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন মন্ত্রীকে ১৪ দিনের পুলিশ হেপাজতের জন্য আবেদন জানান। কিন্তু বিচারক উদয়নের বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে পাঁচদিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেন। আগামী ৪ জুলাই, শনিবার ফের তাঁকে আদালতে তোলা হবে।
দিনহাটা পুরসভার হাউজিং ফর অল প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। ১১ জুন কলকাতার ফুলবাগান থানা এলাকা থেকে উদয়নকে গ্রেপ্তার করে দিনহাটায় নিয়ে আসে পুলিশ। ১২ জুন দিনহাটা আদালতে তোলা হলে তাঁর ছ’দিনের পুলিশ হেপাজত হয়। ছ’দিন পর তাঁকে ফের আদালতে তুললে পুরসভার আবাস দুর্নীতির পাশাপাশি তাঁর বিরুদ্ধে শিশুমঙ্গল সমিতির দুর্নীতির মামলা যুক্ত করে হেপাজতে নেওয়ার আবেদন করেন সরকার পক্ষের আইনজীবী। সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন বলেন, এদিন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে শিশুমঙ্গল সমিতির নামে অবৈধভাবে অর্থ তোলার অভিযোগে ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানানো হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থা বিশ্লেষণ করে বিচারক পাঁচ দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।