নিজস্ব প্রতিনিধি, বরানগর ও চুঁচুড়া: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পানিহাটিতে শব্দের তাণ্ডবে অতিষ্ট বাসিন্দারা। অভিযোগ এসেছে কোন্নগর থেকেও। অভিযোগ, পানিহাটিতে এমএলএ কাপ থেকে শুরু করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রক্তদান শিবির—দুই ক্ষেত্রেই মাইক বাজিয়ে দিনভর চলে অনুষ্ঠান। আর কোন্নগরে চলেছে শিবরাত্রির অনুষ্ঠান। শহরের পড়ুয়া ও অভিভাবকরা এতে বিরক্ত। কিন্তু রাজনীতির কারবারিদের কোনও হেলদোল নেই! এমনকী, পুলিসও হাত গুটিয়ে বসে রয়েছে বলে অভিযোগ।
Advertisement
শনিবার থেকে পানিহাটিতে দু’দিনের এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। অভিযোগ, এজন্য দেদার বাজছে বক্স। এই অনুষ্ঠানের দিনকয়েক আগে থেকে বিটি রোড চৌমাথা থেকে মধ্যমগ্রাম রোডে মাইক বেঁধে রাত-দিন প্রচার চলে। সিপিএমের মহিলা সংগঠন পক্ষ থেকে নাটাগড় অম্বিকাপুরে রক্তদান শিবিরে রাস্তায় মাইক বাজে। ক্ষুব্ধ বাসিন্দা সুভাষ সরকার এবং পীযূষ দত্ত বলেন, সাধারণ মানুষের অসুবিধা নিয়ে কোনও হুঁশ নেই। ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করবে? সোমবার থেকে উচ্চ মাধ্যমিক! এমএলএ কাপের অন্যতম উদ্যোক্তা পানিহাটির পুরকর্তা তথা বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ বলেন, শুধু খেলার জায়গায় বক্স বসানো হয়েছে। মাইক লাগানো হয়নি। এতে বাসিন্দাদের সমস্যা হওয়ার কথা নয়। রাস্তার মাইকে কয়েকদিন ধরে প্রচারের বিষয়ে বলেন, ওটা বাণিজ্যিকভাবে হয়েছে। ওতে আমাদের হাত নেই। তারপরও সামান্যতম সমস্যা হলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। রাতভর মাইক বাজিয়ে জলসা করার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে কোন্নগরে। অভিযোগ, শনিবার গভীর রাত পর্যন্ত কোন্নগরের ১৬ নম্বর ওয়ার্ডে ওই জলসা হয়েছে। স্থানীয়দের দাবি, শিবরাত্রি উপলক্ষ্যে ওই জলসার আয়োজন হয়েছিল। তার উদ্যোক্তা ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার শুভাশিস চৌধুরী। ফলে অনেকের আপত্তি থাকলেও প্রতিবাদ করার সাহস হয়নি। যদিও শুভাশিসবাবুর দাবি, নাগরিক উদ্যোগে ওই জলসা হয়েছে। প্রতিবছরই শিবরাত্রি উপলক্ষ্যে এটা হয়। তিনি বলেন, স্থানীয় বাড়ি বাড়ি ঘুরে জানা গিয়েছে কোনও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এলাকায় ছিল না।
অন্যদিকে, ফলতায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খানের জন্মদিন ও রক্তদান শিবির আয়োজন হল স্কুলে। সেখানে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। এনিয়ে বিতর্ক তৈরি হয়। যদিও ওই নেতার দাবি, এটা জানামাত্রই প্যান্ডেল খুলে ফেলতে বলি। পরীক্ষার জন্য প্রস্তুতির কোনও সমস্যা হয়নি।
অন্যদিকে, ফলতায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খানের জন্মদিন ও রক্তদান শিবির আয়োজন হল স্কুলে। সেখানে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। এনিয়ে বিতর্ক তৈরি হয়। যদিও ওই নেতার দাবি, এটা জানামাত্রই প্যান্ডেল খুলে ফেলতে বলি। পরীক্ষার জন্য প্রস্তুতির কোনও সমস্যা হয়নি।



