নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের এসকর্ট করে পৌঁছে দেবে বনদপ্তর। গোরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, মাধ্যমিকে শুধুমাত্র গোরুমারা জঙ্গল এলাকায় আমরা ২৩টি গাড়িতে পরীক্ষার দিনগুলিতে তিনশো পরীক্ষার্থীকে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছি। পরীক্ষা শেষের পর আবার তাদের বনদপ্তরের গাড়িতে এসকর্ট করে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।
Advertisement
ডিএফও বলেন, জঙ্গলপথে হাতি বা অন্য কোনও বন্যপ্রাণীর হামলার মুখে যাতে তাদের পড়তে না হয়, সেজন্য সশস্ত্র বনরক্ষী থাকছেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে বাড়ি ফেরানোর কাজে ৭৬ জন বনকর্মীকে নিযুক্ত করা হয়েছে। উচ্চ মাধ্যমিকেও একই ব্যবস্থা থাকবে। জেলা প্রশাসনের সঙ্গে আমরা জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছি। মাধ্যমিকে শুধুমাত্র গোরুমারা ডিভিশনে ২১৬ কিমি এলাকায় পরীক্ষার্থীদের বাড়ি থেকে নিয়ে আসা এবং বাড়ি ফেরানোর কাজ চলছে। জলপাইগুড়ি ও বৈকুন্ঠপুর ডিভিশনও একইভাবে ওই কাজ করছে।



