Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চ মাধ্যমিক: পরীক্ষাকেন্দ্রগুলিতে  কড়া নিরাপত্তা

উচ্চ মাধ্যমিক: পরীক্ষাকেন্দ্রগুলিতে  কড়া নিরাপত্তা
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মাধ্যমিকের মতো কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ, সোমবার উত্তরবঙ্গের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়ে হলে প্রবেশ করানো হবে পরীক্ষার্থীদের। এবার পাঁচ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৩৩২ জন। শিলিগুড়ি শিক্ষা জেলার ৩৮টি পরীক্ষা কেন্দ্রে প্রথম ভাষার পরীক্ষা হবে। মোট পরীক্ষার্থী ১০ হাজার ৪৬৯। ছাত্র ৪৪৪২ ও ছাত্রী ৬০২৭ জন। যানজট নিয়ন্ত্রণ করে পরীক্ষার্থীদের হলে পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে পুলিস। প্রশ্নপত্র ফাঁস ও টোকাটুকি রুখতে প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে মেডিক্যাল টিম। এদিকে, তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে এক বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীর জন্য এনজেপির একটি স্কুলে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক রাম ছেত্রী। কোচবিহার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৮৪০ জন। এরমধ্যে ছাত্র ৭৯৭১ জন ও ছাত্রী ৯৮৬৯। জেলায় ৯৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সংবেদনশীল সাতটি। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ৪২০৬ এবং ২৭৭০ জন। আলিপুরদুয়ারে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৬১ জন। এরমধ্যে ছাত্রী ৫৭৫৬ এবং ছাত্র ৪৩০৫। জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ৬০টি। হাত ভাঙার কারণে এক পরীক্ষার্থী রাইটার নিয়ে পরীক্ষা দেবে বলে জানিয়েছে জেলা শিক্ষাদপ্তর। জলপাইগুড়ি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৯৮৬ জন। এরমধ্যে ছাত্র ৬৩১২ ও ছাত্রী ৮৬৭৪। এখানে ৭৪টি কেন্দ্রের মধ্যে সংবেদনশীল ১১টি। জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করছে বনদপ্তর। ঝড় ও বৃষ্টির পরবর্তী পরিস্থিতির মোকাবিলার জন্যও প্রশাসন প্রস্তুত রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ