Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চ মাধ্যমিকে মালদহের ৪৫ ভেন্যুকে স্পর্শকাতর ঘোষণা

উচ্চ মাধ্যমিকে মালদহের ৪৫ ভেন্যুকে স্পর্শকাতর ঘোষণা
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: মাধ্যমিকে গণটোকাটুকি ও প্রশ্নফাঁসের কলঙ্ক ঘুঁচেছে। এবার উচ্চ মাধমিকও দাগহীন করতে মরিয়া প্রশাসন। সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উচ্চ মাধ্যমিকে মালদহের ৪৫ টি ভেন্যুকে স্পর্শকাতর চিহ্নিত করল প্রশাসন ও শিক্ষা দপ্তর। অবাধ টোকাটুকি ও প্রশ্নফাঁস রুখতে ‘জিরো টলারেন্স’ মনোভাব নিচ্ছে প্রশাসন। প্রত্যেকটি স্পর্শকাতর ভেন্যুতে থাকছে ‘রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর’। 
Advertisement
এদিকে গত বছরের তুলনায় এবছর মালদহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় দশ হাজার। জেলার উচ্চ মাধ্যমিকের আহ্বায়ক ও বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, আমরা জিরো টলারেন্সে বিশ্বাসী। মাধ্যমিকের মতো পুলিস, প্রশাসন এবং শিক্ষকদের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে বলে আশাবাদী। 
শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর মালদহ থেকে ৩২ হাজার ৬৫১ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিচ্ছে। তাদের মধ্যে ছাত্রী সংখ্যা ১৮ হাজার ৫১৩ ও ছাত্র ১৪ হাজার ১৩৮। শিক্ষা দপ্তর জানিয়েছে, গত বছর মালদহ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৪২ হাজার ৩২৭ জন ছাত্রছাত্রী। গত বছরের তুলনায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৬৭৬ জন কম। 
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খোলামেলা নকল করাকে কেন্দ্র করে বিগত বছরগুলিতে বারবার শিরোনামে উঠে এসেছে মালদহ। এবছর পরীক্ষায় নকল রুখতে প্রথম থেকেই আঁটোসাঁটো ব্যবস্থা রাখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত বছর শুধুমাত্র স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতেই মেটাল ডিটেক্টর বসানো হয়। এবছর মালদহের ১২২ টির মধ্যে সবকটি কেন্দ্রেই মেটাল ডিটেক্টর থাকবে। এতে পরীক্ষার্থীরা মোবাইল, স্মার্ট ওয়াচ, হেডফোন বা অন্য কোনও কমিউনিকেশন ডিভাইস নিয়ে ভিতরে ঢুকলে সহজেই ধরা পড়বে। জেলা সফরে এসে প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্রের সিল খোলা, সিরিয়াল নম্বর থেকে কিউআর ও বারকোড বসানোর কথা আগেই জানিয়েছেন কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 
এবছর মালদহে মোট ১২২ টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়বে। যার মধ্যে মেইন ভেন্যু ১৭ টি। ৪৫ টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে খবর শিক্ষা দপ্তর ও প্রশাসন সূত্রে। মালদহের উচ্চ মাধ্যমিকের যুগ্ম আহ্বায়ক অমল কুমার ঘোষ বলেন, স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকছে ‘রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর’।
এবছর প্রথমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে মালদহ জেলায়। প্রশ্নফাঁসের একটিও অভিযোগ আসেনি। এমনকি জেলার কোনও প্রান্ত থেকে অবাধ টোকাটুকির অভিযোগও সামনে আসেনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও মালদহের চিত্রটা একই থাকবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সব মহল।
Advertisement
সম্পর্কিত সংবাদ