Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই যুবকের

হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই যুবকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারা মা ঘাটে।

মহেশতলায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই যুবকের
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই যুবকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারা মা ঘাটে। এদিন বিকেলে দু’জনের দেহই উদ্ধার হয়েছে। সূত্রের খবর, খবর পেয়ে রবীন্দ্রনগর থানার পুলিস ঘটনাস্থলে এসে নৌকায় করে তল্লাশি করেন। দুপুরের দিকে ঘাটে এসে তদারকি করেন স্থানীয় কাউন্সিলার সব্যসাচী বসু। তিনি বলেন, ডুবুরি নামানো হয়। বিকেলের দিকে ভাটার সময় জলস্তর নেমে গেলে দুই যুবক গোলাম রসুল (২৩), এবং মহম্মদ ইরফানের (২১) দেহ পাওয়া যায়। সব্যসাচীবাবু বলেন, তারা মা ঘাটের সিঁড়ির নীচে গভীর গর্ত রয়েছে। সম্ভবত ওই গর্তে পা ঢুকে যাওয়ায় তাঁরা ভারসাম্য হারিয়ে তলিয়ে যান। এর আগেও এই ঘাটে বেশ কয়েকটি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। একারণে স্নান করতে আসা মানুষজনকে বার বার সতর্ক করা হয়। যাতে কেউ কোমর সমান জলের নীচে না যান। কিন্তু অনেকে তা মানেন না বলে এমন ঘটনা ঘটছে।

Advertisement

পুলিস ও প্রতক্ষ্যদর্শীদের সূত্রে জানা গিয়েছে, গোলাম রসুল এবং মহম্মদ ইরফান গার্ডেনরিচের শ্যামলাল লেন ও বাতিকলের বাসিন্দা। তাঁরা একটি ফুড ডেলিভারি সংস্থায় কাজ করতেন। এদিন সকালে বন্ধু নন্দলালের বাইকে চেপে তাঁরা গঙ্গায় স্নান করতে তারা মা ঘাটে আসেন। তিনজনেই একসঙ্গে জলে নামেন। খোশমেজাজেই ছিলেন তাঁরা। এই সময় তাঁরা সিঁড়ির একেবারে নীচের ধাপে চলে যান। সেখানে যে বিপদের হাতছানি, তা জানা ছিল না তাঁদের। টাল সামলাতে না পেরে আচমকা গোলাম ও ইরফান ওই গর্তে পড়ে যান। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করায় নন্দলাল একজনকে টেনে তোলার চেষ্টা করলেও শেষপর্যন্ত হাত ধরে রাখতে পারেননি। ওই সময় তিনিও তলিয়ে যাচ্ছিলেন। শেষমেশ কোনওরকমে তিনি জল থেকে উঠে আসতে পেরেছেন। ততক্ষণে বাকি দু’জন তলিয়ে গিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিস গিয়ে উদ্ধারকাজ শুরু করে। বিকেলে দেহ দু’টি পাওয়া যায়। পুলিস জানিয়েছে, মৃত দুই যুবক সাঁতার জানতেন না। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ