নিজস্ব প্রতিনিধি, বরানগর: ক্যুরিয়ারে সোনা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত দুই সশস্ত্র পাচারকারিকে ডিআরআই ( ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স) গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম অভিষেককুমার যাদব ও সত্যেন্দ্র ভার্মা। তাদের বাড়ি উত্তরপ্রদেশ হলেও খড়দহ পুরসভার চার নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লির ভাড়া বাড়িতে থাকত। ধৃতদের কাছ থেকে, একটি পিস্তল, ১০৯.৪৭ গ্রাম সোনা, সোনা গলানোর মেশিন, ১ লক্ষ ২০ হাজার আমেরিকান ডলার, ল্যাপটপ, চারটি মোবাইল উদ্ধার হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে একটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, দেশজুড়ে সোনা চোরাচালানের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। শুক্রবার থেকে ক্যুরিয়ারে সোনা চোরাচালানের বড়ো চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩১৮ কেজি সোনা ও বিপুল টাকা উদ্ধার হয়েছে। মূলত ভারত বাংলাদেশ সীমান্তের বাংলা ও অসম বর্ডার হয়ে সোনা ঢোকানো হত। এরপর তা গলিয়ে বিভিন্নভাবে ক্যুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাচার করা হত। মুম্বই থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় এই চক্রের নেটওয়ার্ক বিস্তৃত। প্রথমে উত্তরপ্রদেশের অভিষেকের খোঁজ পান তদন্তকারীরা। শনিবার রাতে তাকে ডানলপের মহামিলনমঠ এলাকা থেকে পাকড়াও করা হয়। এরপর খড়দহের ভাড়ার ঘরে তল্লাশি চালানো হয়। সেই সময় তার আরও এক শাগরেদ সত্যেন্দ্রকে পাকড়াও করা হয়। ধৃতরা এখানে থেকে সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল।