নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মঙ্গলবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। পরীক্ষা পর্ব নির্বিঘ্নে মিটলেও হলেই অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী। দুজনকেই গাইঘাটা ব্লকের চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে। তারা হাসপাতালে বসে পরীক্ষা দেয়। ঢাকুরিয়া গার্লস হাইস্কুলের ছাত্রী দিয়া মণ্ডলের সিট পড়েছিল মণ্ডলপাড়া হাইস্কুলে। পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে সে। অন্যদিকে, গাইঘাটা আংরাইল বিদ্যা মন্দিরের ছাত্রী সম্প্রীতি মণ্ডল ডেওপুল অধর মেমোরিয়াল স্কুলে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতালে বসে পরীক্ষা দেয় দু’জনেই। ভাঙড়ে অ্যাডমিট কার্ড ফেলে পরীক্ষাকেন্দ্রে চলে এসেছিল রোহন ঘরামী। পাশে দাঁড়ায় কলকাতা পুলিশ। খবর পৌঁছয় ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি ইমামুদ্দিন মিদ্যার কাছে। ওসি নির্দেশ দেন সার্জেন্ট জয়ন্ত নারায়ণ চৌধুরীকে। পুলিশের গাড়ি নিয়ে সার্জেন্ট দ্রুত পৌঁছে যান রোহনের বাড়িতে। সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে তড়িঘড়ি ফিরে আসেন পরীক্ষাকেন্দ্রে। ভাঙড় ট্রাফিক গার্ডের তৎপরতায় শেষ পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষায় বসতে পারে রোহন।



