নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকা শিলিগুড়ি এসটিএফ থানা এবং সল্টলেকের বিধাননগর এসটিএফ থানা বাতিল বলে গণ্য হওয়ায় বিপাকে পড়েছেন রাজ্য পুলিশের এসটিএফ কর্তারা। এই ইস্যুতে আপাতত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। এসটিএফের এক সূত্রে দাবি করা হয়েছে, ‘একটা ভুল বোঝাবুঝি রয়েছে। আশা করি সুপ্রিম কোর্টে এই সমস্যা দ্রুত মিটে যাবে। এনিয়ে দেশের সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন বিচারাধীন রয়েছে। এই ইস্যুতে আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব।’
চলতি মাসের ১৯ তারিখে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ শিলিগুড়ি এসটিএফ থানা এবং সল্টলেকের বিধাননগর এসটিএফ থানা গঠনের নির্দেশিকা খারিজ করে দিয়েছে। সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ এক রায়ে বলেছে, রাজ্য পুলিশের এসটিএফের এই দুটি থানা গঠনের নির্দেশিকা অসাংবিধানিক এবং বেআইনি। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে তৃণমূল সরকারের আমলে রাজ্য পুলিশের এসটিএফের এই দুটি থানা গঠনের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। তাতে এই রায় দিয়েছে হাইকোর্ট।
স্বভাবতই হাইকোর্টের এই রায়ের পর অভূতপূর্ব আইনি জটিলতা তৈরি হয়েছে পুলিশ প্রশাসনে। কারণ, হাইকোর্টের রায়ের পর এসটিএফের শিলিগুড়ি এবং বিধাননগর থানার অস্তিত্ব নেই। তাই সঙ্গত কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে, ইতিমধ্যে এসটিএফের সংশ্লিষ্ট থানাগুলিতে দায়ের হওয়া মামলার ভবিষ্যৎ কী হবে। এই আইনি জটিলতা নিরসনে এখন এসটিএফ কর্তারা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন।