Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্ধেবেলা জল আনতে বেরিয়ে নিখোঁজ দু’বোন, রাতেই উদ্ধার পুলিসের

সন্ধেবেলা জল আনতে  বেরিয়ে নিখোঁজ দু’বোন, রাতেই উদ্ধার পুলিসের
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর : একজনের বয়স মাত্র পাঁচ, অন্যজনের আট। তারা সম্পর্কে দুই বোন। সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় দু’জনেই। কিছুক্ষণের মধ্যেই থানায় দৌড়েছিলেন মা। সঙ্গে সঙ্গে মাঠে নামে পুলিস। বোনের হাতে ছিল বোতল, দিদির হাতে বালতি! এই বর্ণনাই ছিল ভরসা। সিসি ক্যামেরার ফুটেজ, রাতভর তল্লাশি চালিয়ে দুই বোন উদ্ধার করল লেকটাউন থানার পুলিস। প্রায় ৫ কিমি হেঁটে দুই বোন ক্লান্ত হয়ে পড়েছিল। বাড়ি ফেরার মতো অবস্থা ছিল না। রাস্তার ধারে বসেছিল তারা। উদ্ধারের সময় বোনের হাতে বোতল ছিল। কিন্তু, দিদির হাতে বালতি নেই! দিদির কথায়, রাস্তায় ফেলে দিয়েছি!

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, দুই বোনের বাড়ি লেকটাউন থানার দক্ষিণদাঁড়ি এলাকায়। সন্ধ্যা নাগাদ দুই বোন জল আনতে বের হয়। ছোট বোন একটি প্লাস্টিকের বোতল নিয়েছিল। বড় বোন নিয়েছিল প্লাস্টিকের একটি ছোট বালতি। বাড়ির কাছেই ট্যাপকল থেকে জল আনার কথা। খুব বেশি হলে ৫ থেকে ১০ মিনিট সময় লাগার কথা। কিন্তু, আধঘণ্টা পরেও তারা না ফেরায় মা কলতলায় যান। গিয়ে দেখেন, তারা নেই। রাত ৮টা নাগাদ তাদের মা লেকটাউন থানায় যান। পুলিস ছোট ছোট টিমে বাইক করে বিভিন্ন দিকে তল্লাশি শুরু করে। সংগ্রহ করা হয় সিসি ক্যামেরার ফুটেজ।
বেশকিছু ফুটেজে দেখা যায়, তারা বিভিন্ন ট্যাপ কলের সামনে যাচ্ছে। জল না পেয়ে আবার অন্য কলের খোঁজে হাঁটছে। বিভিন্ন এলাকা ঘুরে বাঙ্গুর পর্যন্ত তাদের শেষ দেখা যায়। তখন প্রায় রাত আড়াইটে। পুলিস বাঙ্গুরে তল্লাশি চালাতে গিয়ে দেখে, রাস্তার ধারে দুই বোন চুপটি করে বসে রয়েছে। হাঁটার ক্ষমতা নেই। খিদেয় পেট জ্বলছে। পুলিস উদ্ধার করে তাদের প্রথমে খাবার দেয়। তারপর পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। জেলার চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হস্তক্ষেপে তাদের বাবা-মায়ের কাছে ফেরানো হয়। দুই বোন জানিয়েছে, জলের জন্যই তারা হাঁটছিল। কিন্তু, এতটা দূর চলে আসবে বুঝতে পারেনি!

Advertisement
সম্পর্কিত সংবাদ