বারাসতের বাদুতে পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু দুই বোনের, চাঞ্চল্য
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: খেলতে খেলতে বাড়ির কাছেই পুকুরে নেমে বিপত্তি। জলে ডুবে মৃত্যু হল দুই শিশুকন্যার। রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে বারাসতের বাদুর গুস্তিয়ায়। মৃতদের নাম সুমাইয়া খাতুন (১১) ও আফিফা পারভিন (১০)। সম্পর্কে তারা মামাতো ও পিসতুতো বোন। দু’জনেই স্কুলপড়ুয়া। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অন্যদের সঙ্গে খেলছিল সুমাইয়া ও আফিফা। খেলতে খেলতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের কাছে চলে যায় তারা। কীভাবে দুই শিশু জলে নেমেছিল, তা কেউই বলতে পারছেন না। স্থানীয় সূত্রে দাবি, তাদের জলে ডুবতে দেখে সঙ্গে থাকা শিশুরা উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে তারা বাড়ি ফিরে খবর দেয়। পরে স্থানীয়রা শিশুদের পুকুর থেকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের সদস্য মনিরুল রহমান বলেন, ওরা কীভাবে পুকুরে নামল বুঝতে পারছি না। পা পিছলে পড়ে গিয়েছিল, নাকি অন্য কিছু, তা জানি না।

Advertisement

উল্লেখ্য, শনিবার বারাসতের রামকৃষ্ণপল্লিতে জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়। সেই রেশ কাটার আগে রবিবার সকালে বাদুতে দুই বোনের জলে তলিয়ে মৃত্যু ঘটনায় শোরগোল পড়েছে। পরপর দু’দিনে চারজনের অকাল মৃত্যুতে আতঙ্কের আবহ গোটা এলাকায়। অরক্ষিত জলাশয় ও নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।