Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোডেয়ারহাটে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও দুই, উদ্ধার বাইক

কোচবিহারের ডোডেয়ারহাটে তৃণমূল কংগ্রেস নেতা অমর রায় খুনের ঘটনায় পুলিস আরও দু’জনকে গ্রেপ্তার করল।

ডোডেয়ারহাটে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও দুই, উদ্ধার বাইক
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি: কোচবিহার: কোচবিহারের ডোডেয়ারহাটে তৃণমূল কংগ্রেস নেতা অমর রায় খুনের ঘটনায় পুলিস আরও দু’জনকে গ্রেপ্তার করল। আলিপুরদুয়ার জেলা থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম বাঁধন দাস ওরফে কানাই ও মিঠুন রায়। এরা দু’জনই আলিপুরদুয়ার জেলার তোপসিখাতার বাসিন্দা। খুনের দিন ব্যবহৃত একটি বাইক এদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে। তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজন গ্রেপ্তার হল। 

Advertisement

উল্লেখ্য, অমর খুনের ঘটনায় এর আগে দু’দফায় মোট তিনজন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে দু’জন ছিল মরা নদীরকুঠি গ্রামের বাসিন্দা। একটি নাইন এমএম পিস্তল সহ চার রাউন্ড গুলিও আগে উদ্ধার হয়েছে। অমর রায়কে গুলি করে খুনের ঘটনায় এ নিয়ে মোট দু’টি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। গুলি কাণ্ডে আরও বেশ কয়েকজনের নাম পেয়েছেন তদন্তকারী অফিসাররা। পুলিস জানিয়েছে তাদেরও জালে তোলা হবে। ওই অভিযুক্তরা অন্য জেলার পাশাপাশি ভিনরাজ্যে আশ্রয় নিয়ে আছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। যে নাইন এমএম পিস্তল দু’টি উদ্ধার হয়েছে তার কোনটি থেকে গুলি করা হয়েছিল তা জানতে ফরেন্সিক পরীক্ষা করা হবে। 
উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ সঙ্গীদের সঙ্গে ডোডেয়ারহাটে মাংস কিনতে যান অমর। সেখানেই দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়ে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমরের। তাঁর গাড়ির চালকও গুলি বিদ্ধ হয়েছিলেন। যদিও তিনি প্রাণে বেঁচে যান। মৃত অমর রায়ের মা কুন্তলা রায় ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনার পরের দিনই তিনি সাংদিকদের কাছে ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। যদিও পরে সেই দাবি থেকে সরে এসে সিআইডি তদন্ত দাবি জানিয়েছিলেন। যদিও এখন কেসটি সিআইডি’র হাতে যায়নি। পুলিসই ঘটনার তদন্ত চালাচ্ছে। 
রবিবার সকালে কোচবিহারের পুলিস লাইনে সাংবাদিক সম্মেলন করেন এসপি দ্যুতিমান ভট্টাচার্য। বলেন, ডোডেয়ারহাটে গুলি চালানোর ঘটনায় তদন্তে নেমে প্রথমে বিনয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জেরা করে অরুণাচলপ্রদেশ থেকে কিশোর বর্মন ও নারায়ণ বর্মনকে ধরে আনা হয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত দু’টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। তপসিখাতা থেকে দু’জনকে ধরা হয়েছে। এরাও ঘটনায় জড়িত। ঘটনার দিন ব্যবহৃত বাইক আমরা বাজেয়াপ্ত করেছি। জড়িতদের অনেকেই অন্য জেলা ও রাজ্যে আশ্রয় নিয়ে আছে। কোন আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে তা জানতে ফরেন্সিক পরীক্ষায় ব্যালেস্টিক এক্সপার্টদের পরামর্শ নেওয়া হবে। ঘটনার তদন্ত চলছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ