Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগ্রামে জাতীয় সড়কে পণ্যবাহী গাড়িতে ধাক্কা বাইকের, মৃত্যু দু’জনের

কুমারগ্রাম ব্লকের তেলিপাড়ায় ৩১সি জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন মাধব দেবনাথ (৩৭) ও সমীর বর্মন (২২)।

কুমারগ্রামে জাতীয় সড়কে পণ্যবাহী গাড়িতে ধাক্কা বাইকের, মৃত্যু দু’জনের
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের তেলিপাড়ায় ৩১সি জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন মাধব দেবনাথ (৩৭) ও সমীর বর্মন (২২)। মাধব শামুকতলা থানার পূর্ব চেপানির বাসিন্দা। অন্যদিকে, সমীর কোচবিহার জেলার খোলটায় থাকতেন। দু’জনই শামুকতলা রোডে একটি হোটেলের কর্মী ছিলেন।  

Advertisement

রবিবার রাতে দু’জন হোটেলের কাজ সেরে কুমারগ্রাম ব্লকের বারোবিশার পূর্ব চকচকায় রায়ডাক শ্রাবণী মেলায় যান। মেলা থেকে বাইকে চেপে ফেরার পথে তেলিপাড়া বিএফপি স্কুলের সামনে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। একটি পণ্যবাহী গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল। অন্ধকার থাকায় গাড়িটি নজরে পড়েনি তাঁদের। বাইক নিয়ে ওই গাড়ির পিছনে ধাক্কা মারলে দু’জনই ছিটকে পড়েন। বাইকটি দুমড়েমুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দ হয়। ঘটনাস্থলেই দু’জন মারা যান। মাধব ও সমীরকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। সোমবার জেলা হাসপাতালেই দেহের ময়নাতদন্ত হয়। কামাখ্যাগুড়ি ফাঁড়ির এক অফিসার জানিয়েছেন, দু’জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও পণ্যবাহী গাড়িটি আটক করে তদন্ত চলছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ির জল্পেশে শ্রাবণী মেলার জন্য রবিবার সন্ধ্যার পর থেকেই তেলিপাড়া টোলপ্লাজায় পণ্যবাহী গাড়িগুলি আটকে দেয় পুলিস। ফলে ৩১সি জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে। রাতের দিকে গাড়িগুলি ছেড়ে দেওয়া হয়। কিন্তু তেলিপাড়া বিএফপি স্কুলের সামনে চালক পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ফলে অন্য সব গাড়ি এগিয়ে গেলেও সেটি জাতীয় সড়কেই দাঁড়িয়ে ছিল। ওই স্থানে অন্ধকার থাকার কারণে হয়তো গাড়িটি নজরে আসেনি বাইক চালকের।

Advertisement
সম্পর্কিত সংবাদ