সংবাদদাতা, বনগাঁ: অন্যের হয়ে চাকরির পরীক্ষা দিতে আসা দুই ভুয়ো পরীক্ষার্থীকে চার বছর কারাদণ্ডের সাজা দিল আদালত। বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা আদালতের বিচারক দেবাশিস পাঁজা ওই আদেশ দিয়েছেন। ওই দুই ভুয়ো পরীক্ষার্থীর নাম সর্দার মহম্মদ মেহেতা (৩১) ও উজ্জ্বল দরানি (৩০)। একজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা, অন্যজনের বাড়ি নদীয়ায়। বিচারক ওই সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের হাজতবাসের নির্দেশ দেন। অন্যান্য একাধিক অপরাধেও ওই দুই অপরাধীর পৃথক পৃথক সাজা হয়। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজাই একই সঙ্গে চলবে। এই মামলায় সাক্ষ্যপ্রমাণের অভাবে এক অভিযুক্তকে আদালত বেকসুর খালাস করে। মঙ্গলবার জামিনে থাকা দুই অভিযুক্তকে বিচারক প্রতারণা ও জালিয়াতির অপরাধে দোষী সাব্যস্ত করেন। বুধবার সাজা ঘোষণার আগে বিচারক অপরাধীর বক্তব্য জানতে চান। তার উত্তরে ওই দুই যুবক বলে, ভুল হয়ে গেছে। তাদের যেন কম সাজা দেওয়া হয়। আর কোনও দিন এই ধরনের কাজ হবে না। বাড়িতে বাবামা আছে। এরপরই বিচারক সাজা ঘোষণা করেন। রায় শুনে কান্নায় ভেঙে পড়ে দুই যুবক।



