সুজিত ভৌমিক, কলকাতা: ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ্যাল এইড সার্ভিস অথরিটির (সালসা) প্রায় ১ কোটি টাকা সরকারি তহবিল তছরুপের অভিযোগে প্রাক্তন ও বর্তমান কর্মী মিলিয়ে মোট দুজনকে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতরা হল সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং পামেলা সাহা। লালবাজারের প্রতারণা দমন শাখার গোয়েন্দারা যথাক্রমে কোচবিহার এবং ভুবনেশ্বর থেকে তাদের গ্রেপ্তার করেছেন। ধৃত পামেলা ওই সংস্থার প্রাক্তন কর্মী। এক প্রশ্নের উত্তরে এই খবরের সত্যতা স্বীকার করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র।
সালসার প্রায় কোটি টাকার তহবিল তছরুপের বিষয়টি সম্প্রতি কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই সংস্থার পক্ষ থেকে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় একটি মামলাও দায়ের হয়। অভিযোগ গুরুতর হওয়ায় তদন্তভার তুলে দেওয়া হয় লালবাজারের অ্যান্টি চিটিং সেকশনের হাতে। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, সংস্থার পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি টাকা পাঠানোর কাজ করতেন এই সুদীপ্ত এবং পামেলা। সেই সুযোগকে কাজে লাগিয়ে নির্ধারিত বরাদ্দ টাকার চেয়ে কমই পাঠাতেন তাঁরা। বাকি টাকা নিজেদের ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হত বলে অভিযোগ। সরকারি তহবিল তছরুপের নির্দিষ্ট তথ্য-প্রমাণ পেয়েই লালবাজারের গোয়েন্দারা সালসার প্রাক্তন কর্মী পামেলাকে ওড়িশা থেকে এবং এরাজ্যের কোচবিহার থেকে বর্তমান কর্মী সুদীপ্তকে গ্রেপ্তার করেন। ধৃতদের কলকাতায় আনার পর আজ মঙ্গলবার দুপুরে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। আদালত তাদের পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই তছরুপ চক্রে আর কেউ জড়িত কি না, ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।