নিজস্ব প্রতিনিধি এবং সংবাদদাতা: চিরাচরিত প্রথা মেনে বৃহস্পতিবার দুই বর্ধমানে বোনেরা ভাইদের মঙ্গলকামনায় ফোঁটা দিলেন। মন্ত্রী থেকে সেলিব্রিটি, সকলেই বিশেষ এই অনুষ্ঠানে শামিল হলেন। গণভাইফোঁটারও আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়। আসানসোল, বর্ধমান, কাটোয়া, কালনা সহ সব জায়গাতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বর্ধমান শহরে একটি সংস্থার আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে ফোঁটা নেন গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। শহরের জনপ্রতিনিধিরাও ভাইফোঁটার আয়োজন করেন। পূর্বস্থলী-১ ব্লকের খাদি ভবনে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে সম্প্রীতির ভাইফোঁটায় মাতলেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ভাই-বোনেরা। সবিতা মজুমদার, জ্যোৎস্না দেবনাথ, রীনা অধিকারী, সুতপা দেবনাথরা ফোঁটা দিলেন মহিবুল্লা শেখ, গিয়াসউদ্দিন শেখ, আমানত আলি শেখ, দিলীপ মল্লিকদের। আজিজুন্নেসা খাতুন ফোঁটা দেন মন্ত্রী স্বপন দেবনাথকে। মন্ত্রী বলেন, বাংলায় বিভেদের কোনও জায়গা নেই। একশ্রেণির মানুষ রাজনৈতিক স্বার্থে বাংলায় বিভেদের বিষ ছড়াচ্ছে। হাজার চেষ্টা করেও তারা সম্প্রীতি নষ্ট করতে পারবে না।



