অভিযোগ জানাতে থানায় গিয়ে আক্রান্ত দুই বিজেপি নেতা
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে আক্রান্ত হলেন দুই বিজেপি নেতা। দেগঙ্গা থানার চত্বরেই তাঁদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুই বিজেপি নেতার নাম সৌরভ গাঁয়েন ও শিশির ঢালি। দু’জনেই বিজেপির হাড়োয়া ২ মণ্ডলের সাধারণ সম্পাদক। অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে শুক্রবার রাতে দেগঙ্গা থানায় যান সৌরভ। সেই সময় থানা চত্বরেই তাঁর উপর চড়াও হন সোমনাথ। সৌরভকে মারধর করা হচ্ছে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান শিশির। অভিযোগ, তখন তাঁকেও মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। আহত দু’জনকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়। ঘটনার পর অভিযুক্ত সোমনাথের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশির। তার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য দিকে, তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। আদি ও নব্য বিজেপির মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।  নিজস্ব চিত্র

Advertisement