সংবাদদাতা, বর্ধমান: জমি বিবাদে যুবক ও তাঁর দুই ছেলেকে লাঠি, রড দিয়ে মারধরের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতদের নাম কৃষ্ণ সিং ও নিশীথ বাগ। তাদের বাড়ি খণ্ডঘোষ থানার শাঁকারি গ্রামে। ঘটনার দিন রাতে খণ্ডঘোষ থানার কেশবপুর বাসস্টপ থেকে কৃষ্ণকে ধরা হয়। রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে নিশীথকে ধরা হয়। শনিবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিস জানিয়েছে, শুক্রবার বিকেলে শাঁকারি গ্রামের অমিত মাঝি তাঁদের পোলট্রি ফার্মে কাজ করছিলেন। সেই সময় জমি-জমা সংক্রান্ত পুরনো বিবাদের জেরে কৃষ্ণ, নিশীথ সহ কয়েকজন সেখানে যায়। ফার্ম থেকে তারা অমিতকে পাশেই জমিতে ডেকে নিয়ে যায়। সেখানে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। অমিত তার প্রতিবাদ করেন। সেজন্য লাঠি, রড প্রভৃতি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। দেখতে পেয়ে অমিতের মা ও বাড়ির অন্যান্যরা সেখানে পৌঁছন। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
রায়নায় গ্রেপ্তার যুবক: পূর্ব শত্রুতার জেরে মহিলাকে বাড়িতে ঢুকে গালিগালাজ ও মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতের নাম শেখ সাইদুল। তার বাড়ি রায়না থানার মধুবনের উত্তরপাড়ায়। শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, শুক্রবার দুপুরে প্রতিবেশী ওই মহিলার বাড়িতে সাইদুল ও তার স্ত্রী ঢোকে। সেই সময় মহিলা বাড়িতে একা ছিলেন। তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। মহিলা তার প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। তাঁর গলা টিপে ধরা হয়। এমনকী, তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে মহিলাকে উদ্ধার করেন। পরে মহিলা নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
ডাকাত সন্দেহে গ্রেপ্তার: ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। তার বাড়ি শক্তিগড় থানার গাংপুরের স্টেশনবাজার এলাকায়। শনিবার ভোররাতে শক্তিগড় থানার কোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।