নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাকা ও মোবাইল লুটের অভিযোগ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বাকিদের খোঁজ চলছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পঞ্চসায়রে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কম দামে সোনা কিনবেন বলে পাঁচ লক্ষ টাকা নিয়ে পঞ্চসায়র এলাকায় হাজির হয়েছিলেন ব্যবসায়ী ও তাঁর সহযোগী। মঙ্গলবার বিকেলে সেখানে পৌঁছতেই একটি গাড়ি এসে দাঁড়ায়। এক যুবক নেমে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে তোলে এক ব্যবসায়ীকে। তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ও মোবাইল লুট করে বাইপাসের উপর অজয়নগর মোড়ে ছেড়ে দেয়। তদন্তে নেমে অন্যতম অভিযুক্ত নুর ইসলাম মোল্লা ও গাড়ির চালক সোমনাথ চক্রবর্তীকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করেছে পঞ্চসায়র থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের ওই ব্যবসায়ীর অফিসে ইন্টিরিয়র ডেকরেশনের কাজ করতে আসা এক শ্রমিক কথা প্রসঙ্গে জানান, তাঁদের এলাকায় এক ব্যক্তির কাছে আট লক্ষ টাকার সোনা রয়েছে। তিনি পাঁচ লক্ষ টাকায় তা বিক্রি করে দিতে চান। সেইমতো ব্যবসায়ী আকাশ গুপ্তা ও আর এক সহযোগী ব্যবসায়ী পঞ্চসায়র এলাকায় পৌঁছনোর কিছুক্ষণের মধ্যে একটি গাড়ি এসে হাজির হয়। সেখান থেকে এক যুবক নেমে এসে দেখে নেয় কার হাতে ব্যাগ রয়েছে। পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে বলে বড়োবাবুর কাছে খবর আছে, তাঁর কাছে মোটা টাকা রয়েছে। অবৈধ লেনদেন করা হবে। তারপর ব্যবসায়ীকে গাড়িতে তুলে টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে অজয়নগরে নামিয়ে দেওয়া হয়। সিসি ক্যামেরার সূত্রে গাড়ির নম্বর হাতে আসে পুলিশ অফিসারদের। টিটাগড়ে গাড়ির মালিকের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, চালকের কাছ গাড়িটি থাকে। চালক সোমনাথকে মোবাইলের সূত্র ধরে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে ঢোলারহাট থেকে নুরকে ধরে পুলিশ। বাকিরা পলাতক। বাজেয়াপ্ত করা হয় গাড়িটি। উদ্ধার হয়েছে ৬০ লক্ষ টাকা।



