সংবাদদাতা, কাঁথি: পাওনা টাকা না পেয়ে আইসক্রিম বিক্রেতা এক যুবককে মারধর ও ‘গুম’ করে দেওয়ার অভিযোগে কোম্পানির ডিলার ও তার গাড়ির চালককে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দিবাকর নন্দ ও স্বপন দাস। দিবাকরের বাড়ি কাঁথির পশ্চিম কুশবনি গ্রামে। স্বপন দারিয়াপুরের দহসোনামুই এলাকার বাসিন্দা। শনিবার দু’জনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ইতিমধ্যে নিখোঁজ আইসক্রিম বিক্রেতার সন্ধানে তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, কাঁথিতে দিবাকরের একটি নামী কোম্পানির আইসক্রিমের ডিলারশিপ রয়েছে। কাঁথির জুনপুট এলাকার বাসিন্দা আইসক্রিম বিক্রেতা অভিজিৎ বেরা ওই ডিলারের কাছ থেকে আইসক্রিম কিনতেন। লেনদেন করতে করতে অভিজিতের ৫২হাজার টাকা ধার হয়ে যায়। পাওনা টাকা দেওয়ার জন্য অভিজিৎকে বারবার চাপ দিত দিবাকর। কিন্তু, অভিজিৎ টাকা দেননি। এরই মধ্যে অভিজিৎ ডিলার পরিবর্তন করে অন্য একজনের কাছ থেকে আইসক্রিম কিনতে থাকেন বলে দিবাকরের অভিযোগ। গত ১১সেপ্টেম্বর অভিজিৎকে কাঁথি শহরের দীঘা বাইপাসের কাছে ডেকে পাঠায় দিবাকর। সেখানে দিবাকর ও তার গাড়ির চালক মিলে অভিজিৎকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর থেকেই অভিজিৎকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও পরিষেবার সীমার বাইরে। একদিন ধরে নানা জায়গায় খোঁজাখুঁজির পর অভিজিতের হদিশ না মেলায় শুক্রবার তাঁর দাদা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানান। পুলিস তদন্তে নেমে শুক্রবার রাতেই ডিলার ও তার গাড়ির চালককে গ্রেপ্তার করে। পুলিশ মনে করছে, অভিযুক্তরা অভিজিৎকে কোথাও কারও সহযোগিতায় লুকিয়ে রেখেছে। মামলার তদন্তকারী অফিসার চন্দন মাইতি বলেন, দু’জনকে জেরা করে অভিজিতের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। এই গুম করার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে। আমরা সবকিছুই খতিয়ে দেখছি।



