Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

কাপলিং খুলে বিচ্ছিন্ন দু’টি এসি কোচ, রক্ষা ফলকনামার

আবারও বড়সড় দুর্ঘটনা এড়াল রেল। দু’দিন আগেই মেল ট্রেনের চাকা গলে গিয়ে রীতিমতো বেনজির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

কাপলিং খুলে বিচ্ছিন্ন দু’টি এসি কোচ, রক্ষা ফলকনামার
  • ৯ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবারও বড়সড় দুর্ঘটনা এড়াল রেল। দু’দিন আগেই মেল ট্রেনের চাকা গলে গিয়ে রীতিমতো বেনজির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের কাছে ‘কাপলিং’ থেকে খুলে সম্পূর্ণ আলাদা হয়ে গেল হাওড়ার শালিমারগামী ফলকনামা এক্সপ্রেসের দু’টো কোচ। এবারেও বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা। কিন্তু একের পর এক এমন ঘটনা কেন ঘটছে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন সাধারণ রেল যাত্রীদের একটি বড় অংশ। সবথেকে আশঙ্কার বিষয় হল যে, মঙ্গলবার ‘কাপলিং’ খুলে গিয়ে দু’টো এসি কোচ সম্পূর্ণ আলাদা হয়ে গেলেও কোনওরকম অ্যালার্ম বাজেইনি। ফলে ওই অবস্থাতেই ট্রেন বেশ কিছুটা এগিয়ে নিয়ে যান ফলকনামা এক্সপ্রেসের লোকো পাইলট। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে রেল বোর্ড। একাধিকবার এই ঘটনা নিয়ে রেল বোর্ডের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও মঙ্গলবার রাত পর্যন্ত মন্ত্রক কিছু জানায়নি। তবে রেলের শীর্ষ সূত্রে জানানো হয়েছে যে, কেউ হতাহত হননি। কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। অল্প সময়ের মধ্যেই দু’টো কোচ জোড়া লাগিয়ে ফের ফলকনামা এক্সপ্রেসকে শালিমারের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল ঠিকই। কিন্তু তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন। রেলমন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে যে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে কমিশনার অব রেলওয়ে সেফটি। দোষীদের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু তাতে রেল যাত্রীদের নিরাপত্তা মিলবে কি? আপাতত সেই প্রশ্নই উঠছে। সাম্প্রতিক একটি ক্যাগ রিপোর্টে প্রকাশ্যে এসেছে, রেলওয়ে কোচ রক্ষণাবেক্ষণে গড়িমসি করছে ভারতীয় রেল। যে সময়ের মধ্যে সেগুলির রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, অনেক সময়ই তা দেরিতে করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ