চণ্ডীগড়: দলের প্রার্থী তালিকায় স্থান হয়নি। এই অবস্থায় রবিবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন পাঞ্জাবের দুই আপ বিধায়ক চেতন সিং জৌরামাজরা এবং হরমিত সিং পাথনমাজরা। সূত্রের খবর, তাঁরা বিজেপিতে যোগ দিতে চলেছেন। ২০২৭ সালের পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে আপ। শনিবার ৪০ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে দল। সেই তালিকায় নাম নেই জৌরামাজরা ও পাথনমাজরার। আপের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ক্রমবর্ধমান দূরত্বের জন্যই তাঁদের প্রার্থী করা হয়নি বলে অনেকেই মনে করছেন। দল থেকে ইস্তফা প্রসঙ্গে জৌরামাজরা ফেসবুকে লিখেছেন, ‘দলের সঙ্গে আমার মতের মিল হচ্ছে না।’ সম্প্রতি পাথনমাজরার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলে তিনি গা ঢাকা দেন। পরে আগাম জামিন নেন। রাজনৈতিক মহলের মতে, আর টিকিট পাবেন না ধরে নিয়েই আপ ছাড়ার কথা ঘোষণা করেছেন দুই বিধায়ক।



