সংবাদদাতা, কাকদ্বীপ: সাগরের মহিষমারিতে স্থানীয়ভাবে তৈরি হওয়া জোড়া টর্নেডো। বৃহস্পতিবার সকালে কয়েকজন মৎস্যজীবী মাছ ধরার জন্য হুগলি নদীতে গিয়েছিলেন। সেসময় তাঁরা দেখতে পান নদীর মাঝখানে ঘূর্ণায়মান বায়ুচক্র তৈরি হয়েছে। একটি নয়। প্রথমটির কিছুটা দূরত্বে আরও একটি বায়ুচক্র মাথা তুলেছে।
প্রায় কুড়ি সেকেন্ডের মতো টর্নেডো দু’টি তাণ্ডব চালায়। তবে ওই সময় নদীতে কোনো জলযান ছিল না। তাই বড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি। টর্নেডোর প্রভাবে নদীর কূলে থাকা একটি মাছের ভেড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ভেড়ির পাশে থাকা একটি অ্যাসবেস্টসের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় এই শক্তিশালী বায়ুচক্রকে বলে টর্নেডো। স্থানীয় টর্নেডো নামেই সাধারণভাবে পরিচিত। শুভ্রাংশু করণ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সকাল সাড়ে ১১টা নাগাদ আকাশ পুরো কালো হয়ে গিয়েছিল। এরপরই হঠাৎ পাশাপাশি দু’টি টর্নেডো দেখতে পাওয়া যায়। সে দু’টি কিছুক্ষণের জন্য ছিল। বেশিক্ষণ স্থায়ী হলে বড়ো আকারের বিপদ ঘটার আশঙ্কা তৈরি হত।’ নিজস্ব চিত্র