নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রেপ্তারির মত কোনো কঠোর পদক্ষেপ করা হবে না, এই মর্মে রাজ্য সরকারের তরফে আশ্বাস মিললে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রের কাছে হাজিরা দিতে প্রস্তুত টুলু মণ্ডল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী দুষ্যন্ত দাভে। বীরভূমের মহম্মদবাজার থানায় দায়ের হওয়া মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এর আগে তাঁর রক্ষাকবচের আরজি খারিজ করে দিয়েছিল আদালত। এদিন এফআইআরকে চ্যালেঞ্জ সংক্রান্ত মামলার দীর্ঘ শুনানির পর বিচারপতি ভট্টাচার্য টুলুর আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনার মক্কেল কেন নিম্ন আদালতে হাজিরা দিচ্ছেন না।’ তারপরই তাঁর আইনজীবী জানান, কঠোর পদক্ষেপের করা হবে না এমন আশ্বাস পেলে বিদেশ থেকে দেশে ফিরেই তাঁর মক্কেল নিম্ন আদালতে হাজিরা দিতে প্রস্তুত। যদিও এই প্রস্তাবের উত্তর দিতে অন্তত ১৫ দিন সময় চান অ্যাডভোকেট জেনারেল। এই আবেদন মঞ্জুর করেন বিচারপতি। ৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।



