নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড় পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এএন দেও রোডের সাধুখাঁ বাড়িতে বহু বছর ভাড়ায় থাকেন টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ। সেই পুরনো বাড়ির একটি অংশে বাড়ির মালিকের অনুমতি ছাড়াই সংস্কারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বাড়ির মালিকের মেয়ে রাজেশ্বরী সাধুখাঁর অভিযোগ, তাঁদের অনুমতি ছাড়াই চেয়ারম্যান একটি ঘরের অংশ সংস্কার করছেন। এরপর টিটাগড় থানায় শনিবার অভিযোগ দায়ের করেন মহিলা। তিনি অভিযোগ জানান বিধায়ক রাজ চক্রবর্তীর কাছেও। অভিযোগ, বাড়ি দখল করতে চাইছেন চেয়ারম্যান। তবে কমলেশ সাউ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বৃদ্ধ বাবা অসুস্থ থাকার কারণে বাইরের দিকের যে ছোট অংশে শৌচালয় রয়েছে, সেটি সংস্কার করার জন্য আমার মেয়ে বাড়ির মালিকের মেয়েকে বলেছিল। ওই অংশে ছোট একটি কাজ হচ্ছে যাতে বাবার কোনও অঘটন না ঘটে। বাবা এর মধ্যে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি। দখলের প্রশ্ন নেই। সংস্কারের কাজ হচ্ছে মাত্র। তাঁর অভিযোগ, কেউ ওঁকে উস্কে এই অমূলক অভিযোগ করে আমাকে বদনাম করার চেষ্টা করছে। সব ভিত্তিহীন অভিযোগ।



