সংবাদদাতা কান্দি: তিস্তা-তোর্সা এক্সপ্রেসে ধোঁয়া থেকে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাটোয়া-আজিমগঞ্জ শাখার সালার রেলস্টেশনের কাছে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রায় ২৫ মিনিট পর যাত্রীদের নিয়ে ট্রেনটি রওনা দেয়। এদিন সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস সালার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুটা পরই হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। সেই সময় ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তাতে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রায় সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। প্রায় ২০ মিনিট ট্রেনটি একই জায়গায় দাঁড়িয়ে থাকে। রেলের এক আধিকারিক বলেন, ট্রেনের ব্রেক থেকে ধোঁয়া বের হয়েছিল বলে জানা গিয়েছে।



