নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সরস্বতী পুজোয় ভিড় উপচে পড়ল জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যানে। রবিবারের পর সোমবারও স্কুল-কলেজের ছেলেমেয়েদের অন্যতম গন্তব্য ছিল বনদপ্তরের এই পার্ক। সবুজে ঘেরা এই পার্কে বন্ধুবান্ধবদের সঙ্গে বসে যেমন আড্ডা দিয়েছে উঁচু ক্লাসের পড়ুয়ারা, সেলফিতে মেতেছে, তেমনই পার্কে আসা ছোটরা মেতেছে খেলাধুলোয়। সন্তানদের নিয়ে বহু অভিভাবক পা রেখেছিলেন তিস্তা উদ্যানে। বাইরে রাস্তার ধারে সারিবদ্ধভাবে প্রচুর খাবারের দোকান বসে। গোটা এলাকা মেলার চেহারা নেয়। বড়দিন কিংবা সাধারণতন্ত্র দিবসেও তিস্তা উদ্যানে ভিড় হয়েছিল। কিন্তু সব ভিড় ছাপিয়ে হিট ‘বাঙালির ভ্যালেন্টাইন’। জলপাইগুড়ি তিস্তা উদ্যানে এন্ট্রি ফি রয়েছে। সেই বাবদ সরস্বতী পুজো উপলক্ষ্যে দু’দিনে ৫ লক্ষ টাকারও বেশি আয় হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।
Advertisement
তিস্তা উদ্যানের দায়িত্বে থাকা রেঞ্জার পাপন মণ্ডল বলেন, যে কোনও উৎসব কিংবা ছুটির দিনে জলপাইগুড়ির তিস্তা উদ্যানে ভিড় হয়। কিন্তু সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এবারের সরস্বতী পুজোর ভিড়। দু’দিনে তিস্তা উদ্যান থেকে ৫ লক্ষেরও বেশি টাকা আয় হয়েছে আমাদের। তিস্তা উদ্যানের পাশাপাশি জলপাইগুড়ি শহরে রাজবাড়ি পার্কেও উপচে পড়ে ভিড়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, পুলিসকে যান নিয়ন্ত্রণ করতে হয়।



