সংবাদদাতা, ইসলামপুর: ব্লক সভাপতি হিসেবে উত্তর দিনাজপুরে পুরনোদের উপরই আস্থা রাখল তৃণমূল কংগ্রেস। তবে, শহরে আনা হয়েছে নতুন মুখ। রবিবার বিকেলে রাজ্য থেকে প্রকাশিত তালিকায় উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে ব্লক সভাপতি পদে পরিবর্তন করা হয়নি। দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ৩ সেপ্টেম্বর ইঙ্গিত দিয়েছিলেন খুব একটা বদল হবে না। তাতেই এবার সিলমোহর পড়েছে।
কানাইয়া বলেন, যোগ্য ব্যক্তিদের সঠিক পদ দেওয়া হয়েছে। এতে দলের সংগঠন আরও মজবুত হল।
ইসলামপুর টাউন সভাপতি ছিলেন গঙ্গেশ দে সরকার। তাঁর জায়গায় আনা হয়েছে বাপি পাল চৌধুরীকে। ডালখোলা টাউন সভাপতি ছিলেন গোপাল রায়। তাঁর জায়গায় এসেছেন বিকি দত্ত। রায়গঞ্জ টাউনে প্রিয়তোষ মুখোপাধ্যায়ের পরিবর্তে শিবশঙ্কর রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ টাউন সভাপতি রাজীব সাহার জায়গায় এসেছেন সুজিত সরকার।
এদিন তালিকা প্রকাশ হতেই তৃণমূল নেতা, কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেনের বাড়িতে বহু নেতা-কর্মী শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। জাকির বলেন, দল পুনরায় আমার উপর আস্থা রেখেছে। নেতৃত্ব ও কর্মীদের কাছে কৃতজ্ঞ। এখন থেকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে সকলে মিলে ঝাঁপিয়ে পড়ব।