ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির জেরে মার্কিন অর্থনীতিতে মন্দার আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞই। চড়া হারে আমদানি শুল্কে মার্কিন মুলুকে জিনিসপত্রের দামও মহার্ঘ হতে চলেছে। এমনই হিসেব-নিকেশের মাঝেই আপাতত শুল্ক-নীতি স্থগিত রেখেছিলেন ট্রাম্প। তবে তা তিনমাসের জন্য। এই অবকাশের মাঝেই ফের বড় ঘোষণা ট্রাম্পের। এবার স্মার্টফোন, কম্পিউটার ও অন্যান্য বৈদ্যুতিন সামগ্রীকে পাল্টা শুল্কের তালিকা থেকে বাদ দেওয়া হল। এই সব হাই-টেক পণ্যে মূল্যবৃদ্ধির আশঙ্কাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ফলে এই সব পণ্য কিনতে বাড়তি দাম থেকে রেহাই পাবেন আমেরিকানরা। শুক্রবার এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন অফিস। ঘোষণায় নাম না করা হলেও এই ছাড়ের তালিকায় চীন থেকে আসা স্মার্টফোন ও উপাদান সহ অন্যান্য বৈদ্যুতিন সামগ্রীও রয়েছে। নয়া ঘোষণায় অন্যান্য দেশের উপর আরোপিত ১০ শতাংশ ও চীনের ক্ষেত্রে ১৪৫ শতাংশ শুল্ক থেকে ওই পণ্যগুলিকে ছাড় দেওয়া হয়েছে। শুল্ক-নীতিতে ট্রাম্পের স্থগিতাদেশে ঠাঁই হয়নি ড্রাগনের দেশের। কিন্তু সাম্প্রতিক শুল্ক ছাড়ের সিদ্ধান্ত জি জিনপিংয়ের দেশ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে।



