Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অভিযুক্তদের ব্যাপারে যাবতীয় তথ্য না দিলে বিদেশি পড়ুয়া ভর্তিতে নিষেধাজ্ঞা, হার্ভার্ডকে কড়া বার্তা ট্রাম্প প্রশাসনের

অভিযুক্ত ভিসাধারী পড়ুয়াদের যাবতীয় তথ্য জমা দিতে হবে। এমনটা না করলে আর বিদেশি পড়ুয়াদের ভর্তি নেওয়া যাবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে চাপে ফেলতে এই সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন।

অভিযুক্তদের ব্যাপারে যাবতীয় তথ্য না দিলে বিদেশি পড়ুয়া ভর্তিতে নিষেধাজ্ঞা, হার্ভার্ডকে কড়া বার্তা ট্রাম্প প্রশাসনের
  • ১৮ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

ওয়াশিংটন: অভিযুক্ত ভিসাধারী পড়ুয়াদের যাবতীয় তথ্য জমা দিতে হবে। এমনটা না করলে আর বিদেশি পড়ুয়াদের ভর্তি নেওয়া যাবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে চাপে ফেলতে এই সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। বুধবার একথা ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। একইসঙ্গে প্রায় ২৮ লক্ষ মার্কিন ডলারের আর্থিক অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ডিএইচএস। ইতিমধ্যে এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন ডিএইচএসের প্রতিরক্ষা সচিব ক্রিস্টি নোয়েম। সেখানে তিনি দাবি করেন, হার্ভার্ড আমেরিকা-বিরোধী ও হামাসপন্থী মতাদর্শে বিশ্বাসী। প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন বিদেশি পড়ুয়ার বিরুদ্ধে ‘বেআইনি’ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কাছে এসংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছেন ক্রিস্টি। বিবৃতি দিয়ে তিনি জানান, ‘হার্ভার্ডকে নিয়ম মেনে যাবতীয় তথ্য প্রকাশ করতেই হবে। না করলে এই বিশ্ববিদ্যালয় আর বিদেশি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না।’ ইতিমধ্যে নোয়েমের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন হার্ভার্ডের মুখপাত্র। ট্রাম্পের সামনে মাথা নোয়াতে কিছুতেই রাজি নয় এই বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। হার্ভার্ড কর্তৃপক্ষের সাফ বার্তা, স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিয়ে কোনওরকম আপস করা হবে না। ইতিমধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ২২০ ডলারের আর্থিক অনুদান বন্ধ করেছে হোয়াইট হাউস। একইসঙ্গে কর ছাড়ের সুবিধা কেড়ে নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Advertisement

এদিকে, ট্রাম্পের শুল্ক নীতি আমেরিকায় মুদ্রাস্ফীতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন আমেরিকার ফেডারেল রিজার্ভের প্রধান জেরম পাওয়েল। শিকাগোর এক অনুষ্ঠানে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের এই শীর্ষ কর্তা বলেন, ট্রাম্প প্রশাসন যে শুল্ক আরোপ করেছে, তা অনুমানের চেয়ে বেশি। পাওয়েলের দাবি, শুধু মুদ্রাস্ফীতিই নয়, কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সিদ্ধান্তে এখনও অবিচল। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, জাপানের সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ