ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে অনড় বাংলাদেশ। বিষয়টি নিয়ে নয়াদিল্লির সঙ্গে ফের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে ঢাকার। সম্প্রতি দিল্লিতে হাসিনার সাংবাদিক সম্মেলন উত্তাপ আরও বৃদ্ধি করেছে। এরইমধ্যে বাংলাদেশ সফরে গেলেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’এর প্রধান পরাগ জৈন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডঃ এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি। একইদিনে তারেকের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আলোচনার অন্যতম বিষয় ছিল হাসিনার প্রত্যর্পণ। আগামী মাসে ভারতে ব্রিকস সম্মেলন। এই সম্মেলনে তারেককে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এহেন পরিস্থিতিতে পরাগ-শামসুল বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে দেখছে ওয়াকিবহাল মহল। যদিও সংশ্লিষ্ট বৈঠক নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারত সরকার। প্রসঙ্গত, রবিবার প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পৌঁছান পরাগ। বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের আমন্ত্রণেই তাঁদের এই সফর। দিল্লি ফেরার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও অন্যান্য এজেন্সির প্রধানদের সঙ্গেও বৈঠক করেন তাঁরা।



