নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তী হাইওয়েতে একটি অটোকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা এক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটি ট্রাকের। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর। মৃতের নাম বাবুরালি শেখ (৬২)। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১০ জন। রবিবার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার গৌর দাসপাড়া এলাকায়। এর ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। দুর্ঘটনার পর পালিয়ে যান ট্রাকচালক।
জানা গিয়েছে, আলিপুর থেকে এসডি ২৪ রুটের ওই বাসটি বাসন্তীর দিকে যাচ্ছিল। তখন উল্টো দিক থেকে একটি ১২ চাকার লরি আসছিল। গৌর দাসপাড়া সংলগ্ন চোরাডাকাতিয়া এলাকার কাছে একটি অটোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটিকে সামনে থেকেই ধাক্কা দেয় লরিটি। দুটি গাড়ির সামনের একাংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত বাসযাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিস ও ক্যানিং মহকুমা পুলিস আধিকারিক। প্রায় তিন ঘণ্টা বাদে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাকটিকে সরানো হয়। - নিজস্ব চিত্র