Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

ত্রিপুরায় পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত বিজেপি নেতা

ত্রিপুরায় পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত বিজেপি নেতা
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, আগরতলা: পরিচারিকাকে একাধিকবার ধর্ষণ। এমনই অভিযোগে গ্রেপ্তার ত্রিপুরার এক বিজেপি নেতা। শুধু তাই নয়, অভিযুক্ত অঞ্জন দেবরায়কে ছাড়িয়ে নিতে শাসক দলের স্থানীয় নেতা ও কর্মীরা মহিলা থানায় পুলিসের উপর চাপ তৈরি করেন বলেও অভিযোগ। সমগ্র ঘটনায় উনকোটি জেলার কৈলাশহরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। জানা গিয়েছে, কৈলাশহরের পিডব্লুডি রোড এলাকার বাসিন্দা ওই বিজেপি নেতা। তাঁর বাড়িতে দীর্ঘদিন ধরে নির্যাতিতা মহিলা পরিচারিকার কাজ করতেন। কৈলাশহর থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানিয়েছেন, অঞ্জন দেবরায় ওই মহিলার সঙ্গে জোর করে বহুবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ। শেষপর্যন্ত নির্যাতিতা পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্ত শাসক দলের নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিস। 
Advertisement
দেবরায়ের গ্রেপ্তারের খবর পাওয়ার পরই কৈলাশহরের বিজেপি নেতা ও কর্মীরা মহিলা থানায় এসে পৌঁছন। অভিযুক্তকে ছাড়িয়ে নিতে চাপ দেওয়া হয় বলেও পুলিস সূত্রে জানা গিয়েছে। বিজেপি নেতার এই অপকীর্তিতে স্থানীয় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। সমাজমাধ্যমে নেটিজেনরা তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। 
ধৃতকে আদালতে তোলা হলে তাঁকে ৩০ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে।  যদিও দলের নেতার বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। সদ্যই বুথ সভাপতি নির্বাচনে লড়াই করেও হেরে গিয়েছিলেন অঞ্জন দেবরায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ