Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

টরন্টো বিমানবন্দরে বিপত্তি! অবতরণের সময় ৮০জন যাত্রী সমেত উল্টে গেল বিমান, আহত ১৮

টরন্টো বিমানবন্দরে বিপত্তি! অবতরণের সময় ৮০জন যাত্রী সমেত উল্টে গেল বিমান, আহত ১৮
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
টরন্টো: বাইরে বইছিল প্রবল বেগে ঝোড়ো হাওয়া। তার মধ্যেই বিপত্তি। কানাডার টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় যাত্রী সমেত উল্টে গেল একটি বিমান। ঘটনায় আহত হয়েছেন মোট ১৮ জন। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। এক শিশু সহ তিনজন গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।     
Advertisement
বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, সোমবার ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান আমেরিকার মিনিপলিস থেকে টরন্টোর উদ্দেশে রওনা দিয়েছিল। টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অবতরণের সময়ই আচমকা বিমানটি উল্টে যায়। এরপরই বিমানটিকে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং উদ্ধারকারী দল।
বিমানবন্দর সূত্রে খবর, বিমানটিতে মোট ৭৬ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন। তবে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। তবে জানা গিয়েছে, এদিন কানাডায় তুষারঝড় হয়। তার কিছুক্ষণ পরই বিমানটি অবতরণ করে। কিন্তু সেই সময় বাইরে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। এই দুর্ঘটনার পর টরন্টো বিমানবন্দরে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে বিমান ওঠা নামা বন্ধ ছিল।  
বিমানটির একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান)। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি সম্পূর্ণ উল্টে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দমকলকর্মীরা। রয়েছে উদ্ধারকারীদলও। দমকল প্রধান টড অ্যাটকেন বলেন, “দুর্ঘটনার কারণ এখনই বলা সম্ভব নয়। রানওয়ে শুকনো ছিল।”
টরন্টোর এক পুলিস আধিকারিক সারা প্যাটেন বলেন, “টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। যাত্রীদের নিরাপদে বিমানটি থেকে বের করে আনা হয়েছে। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।”
Advertisement
সম্পর্কিত সংবাদ