নিজস্ব প্রতিনিধি, বরানগর: শান্তিপুরগামী লোকালে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে আটক করল দমদম জিআরপি। সূত্রের খবর, বুধবার রাতে ট্রেনটি বিধাননগর স্টেশন ছেড়ে দমদম যাওয়ার পথে ঘটনাটি ঘটে। মহিলা সঙ্গে সঙ্গে বিষয়টি অন্যান্য যাত্রীদের নজরে আনেন। এরপর সহযাত্রীরাই ওই ব্যক্তিকে ধরে দমদম স্টেশনে নামায়। দমদম জিআরপি ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঘটনায় রাতে স্টেশন চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যাত্রীদের একাংশের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তি কলকাতা পুলিসের হোমগার্ড হিসেবে কর্মরত।



