সংবাদদাতা, উলুবেড়িয়া: নিত্যদিন অস্বাভাবিক ট্রেন লেটের ফলে জেরবার দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার যাত্রীরা। ইতিমধ্যে এর বিরুদ্ধে সরব হয়েছেন নিত্যযাত্রীরা। এবার এর বিরুদ্ধে রাস্তায় নামল এসইউসি। ট্রেন লেটের বিরুদ্ধে দেউলটি, বাগনান, কুলগাছিয়া, উলুবেড়িয়া, বাউড়িয়া স্টেশনে গণস্বাক্ষর অভিযান করা হয় এবং স্টেশন মাস্টারদের কাছে ডেপুটেশন দেওয়া হয়। আন্দোলনকারীদের বক্তব্য, দক্ষিণ পূর্ব রেলের এই শাখায় ট্রেন লেটের কারণে রোজ বিপাকে পড়ছেন যাত্রীরা। ফুল ব্যবসায়ীরাও সময় মতো বাজারে পৌঁছতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ট্রেন লেটের প্রতিবাদে একাধিক জায়গায় অবরোধ হলেও কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি। এসইউসি নেতা নিখিল বেরা অবিলম্বে সাধারণ মানুষের স্বার্থে নিয়মিত ট্রেন চালানোর দাবি জানান।



