Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কিশোরের, ট্র্যাফিক ব্যবস্থায় ক্ষুব্ধ বিধায়ক

গঙ্গারামপুর শহরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কিশোরের। শহরে ট্রাক্টরের দৌরাত্ম্যের অভিযোগ তুলে পুলিসকে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। বছর চোদ্দর মৃত কিশোরের বাড়ি গঙ্গারামপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদার পাড়ায়।

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কিশোরের, ট্র্যাফিক ব্যবস্থায় ক্ষুব্ধ বিধায়ক
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর শহরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কিশোরের। শহরে ট্রাক্টরের দৌরাত্ম্যের অভিযোগ তুলে পুলিসকে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। বছর চোদ্দর মৃত কিশোরের বাড়ি গঙ্গারামপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদার পাড়ায়। বুধবার সকালে ৫১২ নং জাতীয় সড়ক দিয়ে একটি ট্রাক্টর গঙ্গারামপুর চৌপথীর দিকে যাচ্ছিল। গঙ্গারামপুর পুনর্ভবা ব্রিজ থেকে ট্রাক্টরটি নামার সময় পথচারী কিশোরকে ধাক্কা মারে। এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গঙ্গারামপুর থানার পুলিস চৌপথী এলাকায় ট্রাক্টর সহ চালককে আটক করে। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়। গঙ্গারামপুর ট্রাফিক ওসির সঙ্গে বিধায়ক ও বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। শহরের ট্রাফিকের ব্যবস্থা নিয়ে প্ৰশ্ন তোলেন। ৫১২ নং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় আধঘণ্টা। গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মৈত্র ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, পুর উৎসবের জন্য ৫১২ নং জাতীয় সড়কের একদিক বন্ধ করে আলপনা দেওয়া হচ্ছে। সেকারণেই যানজট। তার জেরেই এই পথ দুর্ঘটনা। অভিযোগ, গঙ্গারামপুর শহরে নম্বরবিহীন ট্রাক্টরের দৌরাত্ম্য অনেকদিন ধরে। বালি ও মাটি মাফিয়ারা শহরের ব্যস্ত সময়ে ট্রাক্টর চালাচ্ছে। এদের প্রশ্রয় দিচ্ছে গঙ্গারামপুর থানা ও গঙ্গারামপুর ট্রাফিক ইউনিট। মৃতের দেহ ময়নাতদন্তে পাঠিয়ে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় বলেন, শহরে বেহাল ট্রাফিক ব্যবস্থার কারণে একটি কিশোরের প্রাণ চলে গেল। সকাল থেকেই শহরের বুকে বালি ও মাটি মাফিয়াদের ট্রাক্টরের দৌরাত্ম্য চলতে থাকে। গঙ্গারামপুর থানা ও ট্রাফিক সবটা জানার পরেও কোনও ব্যবস্থা নেয় না। বিজেপি বিধায়কের বক্তব্য, এদিনের দুর্ঘটনার জন্য দায়ী পুরসভা। পুর উত্সবের জন্য জাতীয় সড়ক বন্ধ করে আলপনা আঁকা হচ্ছে। যার কারণে যানজট এবং দুর্ঘটনা ঘটেছে। পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, বিজেপি বিধায়কের অভিযোগ  ভিত্তিহীন। আমাদের কাজ রাতে হয়। জাতীয় সড়ক বন্ধ নেই। বিজেপির শোভাযাত্রায় যানজট হয়েছে। নিজেদের দোষ ঢাকতে বিধায়ক পুরসভার দিকে আঙুল তুলছেন। গঙ্গারামপুর ট্রাফিক ওসি রজত প্রধান বলেন, ট্রাক্টর চলাচলের বিষয়টি খতিয়ে দেখা হবে। 
Advertisement
(গঙ্গারামপুরে পথ দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর ঘটনায় ট্রাফিক পুলিসের ওসির সঙ্গে বিজেপি বিধায়ক সত্যেন রায়ের বচসা।-নিজস্ব চিত্র)
Advertisement
সম্পর্কিত সংবাদ